শীতে বাড়ে শিশুর কোষ্ঠকাঠিন্য, জানুন কমানোর উপায়

শীতে বাড়ে শিশুর কোষ্ঠকাঠিন্য, জানুন কমানোর উপায়

ছবি: সংগৃহীত

ক্রমশ শিশুদের মধ্যে বাড়ছে কোষ্ঠকাঠিন্যের সমস্যা। শীতকালে যার পরিমাণ আরও বেড়ে যায়। খেলাধুলার অভাব, শরীরচর্চার অভাব, ফাইবারযুক্ত খাবার না খাওয়া ইত্যাদি কারণ কোষ্ঠকাঠিন্যের জন্য দায়ী। শিশুর এমন সমস্যা নিয়ে উদ্বিগ্ন থাকেন মায়েরা। অনেকসময় ডাক্তার দেখিয়ে, ওষুধ খাইয়েও দীর্ঘস্থায়ী সমাধান মেলে না। 

জানেন কি, ডায়েটে সামান্য পরিবর্তন আনলে এবং কয়েকটি ঘরোয়া পদ্ধতি মানলে ঘরোয়া পদ্ধতিতেই কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাবে শিশু। চলুন এ ব্যাপারে বিস্তারিত জেনে নিই- 

শীতকালে শিশুদের কোষ্ঠকাঠিন্য বেড়ে যায় কেন? 

চিকিৎসক শালিনী আগরওয়ালের মতে, শিশুরই জল খাওয়ার প্রবণতা কমে গিয়েছে। সারাদিন বাড়িতে থাকায় বাচ্চা রাতে ঘুমোতেও দেরি করছে। ফলে ঘুমের সমস্যাও দেখা দিচ্ছে। এই সব কারণে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিতে পারে। কী করলে এই কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে নিষ্কৃতি মিলবে?

শিশুর কোষ্ঠকাঠিন্য কমানোর উপায় 

বিশেষজ্ঞদের মতে, শিশুদের বেশি করে ফাইবার-সমৃদ্ধ খাবার (রুটি, ব্রকোলি, ডাল, আলু, আপেল) খাওয়ানো উচিত। ফাইবার খাবার হজম করাতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। শরীরে তরলের ঘাটতি হলেও কোষ্ঠকাঠিন্য হতে পারে। তাই শিশুদের পর্যাপ্ত পরিমাণে পানি ও ফলের জুস (বিশেষত ডাবের পানি, লেবুর শরবত) খাওয়ান। শরীর হাইড্রেটেড থাকলে পায়খানা পরিষ্কার হয়।

শিশুকে সেদ্ধ করা খাবার বেশি করে খাওয়ান। বাইরের খাবার ও মিষ্টির পরিমাণ কমিয়ে বাড়িতে তৈরি করা হালকা টাটকা খাবার খাওয়ান। বাইরে বের না হলেও শিশু যেন বাড়ির ভেতরেই হাঁটাচলা বা খেলাধুলা করে তা নিশ্চিত করুন। 

প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে শিশুকে এক গ্লাস গরম পানি খাওয়ান। সকালে উঠেই খালিপেটে পানিতে ভিজিয়ে রাখা কিশমিশ খাওয়াতে পারেন। এতেও উপকার মিলবে। 

শিশুর খাদ্যতালিকায় রাখুন নাশপাতি। এই ফলের পুষ্টিগুণ কিন্তু সেরার সেরা। নাশপাতি ফাইবারের ভাণ্ডার। এটি মল নরম করতে সাহায্য করে। কমায় গ্যাস, অ্যাসিডিটির সমস্যাও।