বরিশালে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি
সংগৃহীত ছবি
চাকরিতে ১০ গ্রেড বাস্তবায়নের দাবিতে সারাদেশের ন্যায় বরিশালেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা কর্মবিরতি পালন করেছেন। বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করে তারা।
কর্মসূচিতে বিএমটিএ বরিশাল জেলা শাখার সভাপতি হাসান মাহামুদ, সাধারণ সম্পাদক মেহেদি হাসান শিপলু, সহ-সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কিবরিয়া টিপু, সদস্য ইমতিয়াজ সোবাহান, জাহিদ হোসেন ও সাইফুল ইসলাম লিটনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবায় দীর্ঘদিন ধরে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা বৈষম্যের শিকার হচ্ছেন। ডিপ্লোমা প্রকৌশলী, নার্স ও কৃষিবিদরা ১০ম গ্রেডে উন্নীত হলেও তারা এখনও সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বছরের পর বছর ধরে মন্ত্রণালয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের বিষয়টি প্রক্রিয়াধীন থাকলেও, কার্যকর করা হচ্ছে না।
দ্রুত দাবি বাস্তবায়ন করা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।