সেন্ট মার্টিনে হঠাৎ জোয়ারের পানিতে ভাঙল দোকান, দৌড়ে নিরাপদে পর্যটকরা
সংগ্রহীত ছবি
কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন নৌরুটের পশ্চিম বিচ এলাকায় জোয়ারের পানি হঠাৎ বেড়ে গিয়ে কয়েকটি দোকান ভেঙে গেছে। মধ্যরাতে আকস্মিক এ ঘটনায় আতঙ্কিত হয়ে পর্যটকরা সাগর তীর ছেড়ে নিরাপদ স্থানে চলে যান।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে সেন্ট মার্টিনের পশ্চিম বিচ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় দোকানদার মুজিব উল্লাহ বলেন, হঠাৎ রাত ১২টার দিকে জোয়ারের পানি এসে দোকানে ধাক্কা দেয়।
আমাদের দোকানগুলো বাঁশের বেড়া দিয়ে তৈরি, তাই ঢেউয়ের চাপ সহ্য করতে না পেরে ভেঙে গেছে।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের সদস্য ছৈয়দ আলম জানান, কয়েকজনের মাধ্যমে দোকান ভেঙে যাওয়ার তথ্য পেয়েছেন।
তিনি বলেন, কিছু দোকান ভেঙেছে, আর কিছু দোকান ভাসমান কাঠামোর মতো তৈরি করা ছিল, তাই সেগুলো পানি উঠলে নীচ দিয়ে সরে যেতে পেরেছে। তেমন বড় ক্ষয়ক্ষতি হয়নি।
এ ঘটনায় আতঙ্কিত হন পর্যটকরা। পর্যটক আবু আহমেদ নাছির বলেন, প্রথমে ভেবেছি হয়ত ঝড় ওঠেছে। পানি একদম দোকানের দিকে চলে আসায় ভয় পেয়ে উপরের দিকে উঠে যাই। দোকানগুলো যদি আরো টেকসই হতো, তাহলে হয়ত ভাঙত না।
উল্লেখ্য, ১ ডিসেম্বর থেকে সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক সমাগম বাড়তে শুরু করেছে। প্রতিদিন শত শত পর্যটক দ্বীপে আসছেন। হোটেল-রিসোর্ট ও রেস্টুরেন্টে বাড়ছে ভিড়। চলতি মৌসুমে ৩১ জানুয়ারি পর্যন্ত পর্যটকরা দ্বীপ ভ্রমণ করতে পারবেন।