পিন্টুর মৃত্যু: আইজিপির বিচারের দাবিতে মানববন্ধন

পিন্টুর মৃত্যু: আইজিপির বিচারের দাবিতে মানববন্ধন

সংগৃহীত ছবি

বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, ২০১৫ সালে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পিন্টুর মৃত্যু স্বাভাবিক নয় বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় তৎকালীন ও বর্তমান পুলিশ তথা কারা কর্তৃপক্ষের দায় তদন্তের দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বর্তমান আইজিপি বাহারুল আলমকে দায়ী করে তার বিচার ও মৃত্যুদণ্ডের দাবি তুলেন। 

তারা বলেন, পিন্টুকে যথাযথ চিকিৎসা না দিয়ে পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল।
পিন্টু পিলখানা বিদ্রোহ মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আটক ছিলেন। ২০১৫ সালের ৩ মে তিনি কারা হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর মারা যান। পরিবার ও বিএনপি শুরু থেকেই এটিকে “কারা হেফাজতে হত্যা” বলে আসছে।

এদিকে পিন্টুর ভাই সম্প্রতি রাজশাহীর আদালতে ২৭ জনকে আসামি করে নতুন করে হত্যা মামলার আবেদন করেছেন। মামলায় তৎকালীন কারা ও পুলিশ কর্মকর্তাদের পাশাপাশি একাধিক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির নামও উল্লেখ করা হয়েছে।

বক্তারা বলেন, এটি শুধু পিন্টুর মৃত্যু নয়; দেশের কারা ব্যবস্থার সংস্কার ও দায়বদ্ধতার পরীক্ষাও। মানববন্ধনে শিগগিরই নিরপেক্ষ তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানানো হয়।