ফরিদপুরের চরভদ্রাসনে অন্যদের ছুটি দিয়ে মসজিদে শিশুকে ধর্ষণ

ফরিদপুরের চরভদ্রাসনে অন্যদের ছুটি দিয়ে মসজিদে শিশুকে ধর্ষণ

প্রতিকী ছবি

ফরিদপুরের চরভদ্রাসন সদর ইউনিয়নের উত্তর আলমনগর গ্রামে মাক্তাবখানায় গিয়ে ধর্ষণের শিকার হয়েছে এক শিশু। এ সময় মক্তবে পড়তে যাওয়া অন্য শিশুদের ছুটি দিয়ে বাড়ি পাঠিয়ে দেয় মাদরাসাছাত্র মোজাম্মেল হক।

গত বৃহস্পতিবার সকালে মোল্যা বাড়ি জামে মসজিদ মক্তবে ওই ঘটনা ঘটে। অভিযুক্ত মাদরাসাছাত্র মোজাম্মেল হক ওই মসজিদ মক্তবে শিশুদের আরবি পড়াতেন।

শনিবার (৬ ডিসেম্বর) শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, অভিযুক্ত মোজাম্মেল উপজেলার জামিয়া ইসলামিয়া মারকাযুল উলুম মাদরাসায় মাওলানা বিভাগের ছাত্র। সে মসজিদের পাশে এক বাড়িতে লজিং থেকে মাদরাসায় পড়াশোনার পাশাপাশি ঈমামতি করে আসছিল। তার বাড়ি নেত্রকোনার দুর্গাপুরের কালিকাপুর গ্রামে।

মামলা সূত্রে জানা যায়, ঘটনার দিন ভোরে ফজরের নামাজের পর মোজাম্মেল শিশুদের আরবি শেখাচ্ছিল। এ সময় সে ওই শিশুকে বলে, পড়াশেষে সবাই চলে গেলেও তুমি বাড়িতে যেও না। আমি তোমাকে আলাদাভাবে পড়াব। শিশুদের ছুটি দিয়ে বাড়িতে পাঠিয়ে মোজাম্মেল ওই শিশুকে মসজিদের ভেতরে নিয়ে ধর্ষণ করে।

পরে বাড়ি গিয়ে বিষয়টি ওই শিশু তার মাকে জানায়। এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে চরভদ্রাসন থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি ধর্ষণ মামলা করেছেন।

চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) রজিউল্লাহ খান বলেন, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। ধর্ষণের আলামত সংগ্রহ করে শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য মেডিক্যালে পাঠানো হয়েছে।