গণপূর্তের প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন
সংগৃহীত ছবি
গণপূর্ত অধিদপ্তরের ইডেন গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. রাকিবুল হাসান ১১ বছরে নিজেই ঠিকাদারী করে নানা অনিয়ম-দুর্নীতির মাধ্যমে শত কোটি টাকার মালিক বনে গেছেন বলে অভিযোগ উঠেছে।
বুধবার (১০ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিষ্ঠানটিতে কাজ করা একাধিক ঠিকাদার মানববন্ধনে এসব অভিযোগ করেন।
মানববন্ধনে ঠিকাদার মো. আকনুর রহমান বলেন, গণপূর্ত প্রশাসন থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা না হলে পরবর্তী প্রধান প্রকৌশলীর কার্যালয় পূর্ত ভবন ঘেরাও দেয়ার কর্মসূচি পালন করা হবে। এ সময় আরও বক্তব্য রাখেন পলাশ, আসিফ, আলী আকবর, তুহিন আক্তার রিপা প্রমুখ।
বক্তারা বলেন, গণপূর্তের ইডেন গণপূর্ত বিভাগের সাবেক উপ-বিভাগীয় প্রকৌশলী মো. রাকিবুল হাসান ১১ বছর ধরে নিজেই ঠিকাদারী করে নানা অনিয়ম দুর্নীতির মহাউৎসব কয়েকশো কোটি টাকার কাজ ভাগিয়ে নিয়েছেন। এভাবে রাকিবুল শত কোটি টাকার মালিক বনে গেছেন। বর্তমানে তিনি রাজউকে (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) কর্মরত রয়েছেন। বিভাগীয় তদন্ত করে মো. রাকিবুল হাসানকে চাকরি হতে দ্রুত অপসারণ করাসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।
অভিযোগ অস্বীকার করে এ বিষয়ে প্রকৌশলী রাকিবুল ইসলাম গণমাধ্যমকে বলেন, এ বিষয়ে আমি অবগত নই। এই প্রথম শুনলাম। মানববন্ধনকারীদের চেনেন না বলেও জানান তিনি।