আজ শুরু শিল্পকলায় ২৪তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী

আজ শুরু শিল্পকলায় ২৪তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী

সংগ্রহীত ছবি

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে ২৪তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী। একাডেমির চারুকলা বিভাগ আয়োজিত এ প্রদর্শনী চলবে আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত। প্রদর্শনীতে ১৯১ জন শিল্পীর ২১৫টি শিল্পকর্ম প্রদর্শিত হবে। গতকাল বুধবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনারকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান আজ বিকেল ৪টায় হবে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করবেন। এতে বিশেষ অতিথি বরেণ্য শিল্পী অধ্যাপক আব্দুস সাত্তার ও অধ্যাপক মোস্তাফিজুল হক। সভাপতিত্ব করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)।

প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত একাডেমির জাতীয় চিত্রশালার ২, ৩, ৪, ৬ ও ৭ নম্বর গ্যালারিতে ১২ দিনব্যাপী এ প্রদর্শনী হবে। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর নবীন (২১ থেকে ৩৫ বছর) ৬৮১ জন শিল্পীর এক হাজার ৩৯৩টি শিল্পকর্ম জমা পড়েছে। এসব শিল্পকর্ম থেকে বাছাই কমিটি ১৯১ জন শিল্পীর ২১৫টি শিল্পকর্ম প্রদর্শনীর জন্য নির্বাচন করে। চিত্রকলা, ভাস্কর্য, প্রাচ্যকলা, কারুশিল্প, মৃিশল্প, আলোকচিত্র, স্থাপনাশিল্প, পারফরম্যান্স আর্ট, নিউ মিডিয়া আর্টসহ চারুশিল্পের প্রায় সব মাধ্যমের শিল্পকর্মই অন্তর্ভুক্ত করা হয়েছে প্রদর্শনীতে।

প্রদর্শনীতে ১০টি শিল্পকর্মের জন্য শিল্পীকে পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের মূল্যমান সর্বোচ্চ দুই লাখ থেকে সর্বনিম্ন ৭৫ হাজার টাকা।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির ‘নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী’ চারুকলাবিষয়ক একটি নিয়মিত জাতীয় আয়োজন। দেশের শিল্পকলা বিকাশে ১৯৭৫ সাল থেকে এটি অনুষ্ঠিত হয়ে আসছে। বরেণ্য বহু শিল্পী এ প্রদর্শনীর মাধ্যমে তাঁদের সৃজনশীল প্রতিভা প্রকাশ ও পরিচিতি লাভ করেছেন।

প্রথম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনীতে অতিথি ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন এবং বরেণ্য চিত্রশিল্পী পটুয়া কামরুল হাসান।