প্রার্থীদের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ: জয়নুল আবেদীন

প্রার্থীদের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ: জয়নুল আবেদীন

সংগৃহীত ছবি

বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরিশাল-৩ (মুলাদী–বাবুগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী জয়নুল আবেদীন বলেছেন, প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর গুলির ঘটনার পর ঢাকা থেকে তাকে সতর্ক থাকার জন্য ফোন করা হয়েছিল। তবে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, তিনি মৃত্যুভয় করেন না এবং পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী জনগণের কাছেই যাবেন।

শনিবার বিকালে মুলাদী সরকারি মাহমুদ জান মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবেদীন বলেন, জন্ম-মৃত্যুর মালিক আল্লাহ। ১৯৭৪ সালে রক্ষীবাহিনী আমাকে হত্যা করতে চেয়েছিল, সেখান থেকেও আমি বেঁচে ফিরেছি। রাখে আল্লাহ, মারে কে?

তিনি বলেন, হাদির ওপর গুলির ঘটনায় সারা দেশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ ঘটনার প্রতিবাদ জানাতে নির্দেশ দিয়েছেন। নির্বাচন শিডিউল ঘোষণার পর প্রার্থীদের নিরাপত্তার দায়িত্ব সরকারের হলেও তারা প্রথম দিনেই ব্যর্থ হয়েছে।

নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকারের উদ্দেশে জয়নুল আবেদীন বলেন, আর কোনো প্রার্থীর ওপর হামলা দেখতে চান না। হামলা হলে শুধু প্রতিবাদ নয়, কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক শরীয়ত উল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী কামাল হোসেন। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।