জকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকায় বাদ ৪৭ প্রার্থী
ফাইল ছবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা থেকে বিভিন্ন অভিযোগ এবং ডোপ টেস্ট (মাদক পরীক্ষা) উতরাতে না পারায় মোট ৪৭ প্রার্থী বাদ পড়েছেন।
প্রাথমিক তালিকায় থাকা ২০৩ জন প্রার্থীর মধ্যে থেকে এদের বাদ দিয়ে গত বৃহস্পতিবার রাতে চূড়ান্ত তালিকায় ১৫৬ জনকে রাখা হয়েছে। বাদ পড়াদের মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ১ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ২ জন, সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ৬ জন, এবং নির্বাহী সদস্য পদে ১৫ জন রয়েছেন।
বাদ পড়াদের মধ্যে ছাত্রদল-সমর্থিত ও ছাত্র শক্তি সমর্থিত প্যানেলের কয়েকজন আলোচিত প্রার্থীও রয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান জানিয়েছেন, ডোপ টেস্টের ফলাফল পজিটিভ আসায় দুজন এবং সুনির্দিষ্ট অভিযোগের কারণে অন্যদের চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। প্রার্থিতা ফিরে পেতে বাদ পড়া প্রার্থীরা রোববার পর্যন্ত আপিল করার সুযোগ পাবেন, এবং ইতোমধ্যে বেশ কয়েকজন প্রার্থী আপিল করেছেন।