মহাসড়কে পিকআপ উল্টে দুই পান ব্যবসায়ীর মৃত্যু

মহাসড়কে পিকআপ উল্টে দুই পান ব্যবসায়ীর মৃত্যু

ফাইল ছবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকায় পানবোঝাই একটি পিকআপ উল্টে কমল চৌধুরী (৫৩) ও সমীর চৌধুরী (৫৪) নামে দুই পান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে মহাসড়কের উত্তর বাঁশবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কমল চৌধুরী চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও এলাকার এবং সমীর চৌধুরী হাটহাজারী উপজেলার পশ্চিম দেওয়াননগর এলাকার বাসিন্দা।

সীতাকুণ্ডের বারআউলিয়া হাইওয়ে থানার ওসি মো. আব্দুল মোমেন জানান, শনিবার রাতে পটিয়ার হাইদগাঁও ব্রাহ্মণঘাটা এলাকা থেকে পানবোঝাই একটি পিকআপে করে পান ব্যবসায়ী কমল চৌধুরী, সমীর চৌধুরী ও উজ্জল চৌধুরী মিরসরাইয়ের মিঠাছড়া বাজারে বিক্রির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তর বাঁশবাড়িয়া এলাকায় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

দুর্ঘটনায় কমল, সমীর ও উজ্জল গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কমল ও সমীরকে মৃত ঘোষণা করেন। আহত উজ্জল চৌধুরী বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন ওসি আব্দুল মোমেন।