শরীয়তপুরে বেড়া দিয়ে রাস্তা বন্ধ, দুর্ভোগে শতাধিক গ্রামবাসী

শরীয়তপুরে বেড়া দিয়ে রাস্তা বন্ধ, দুর্ভোগে শতাধিক গ্রামবাসী

সংগৃহীত ছবি

শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের চরপাতাং গ্রামে প্রায় শত বছরের পুরোনো গ্রামীণ রাস্তা জোর করে টিনের বেড়া দিয়ে বন্ধ করার অভিযোগ উঠেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ওই গ্রামের চারটি পরিবারসহ শতাধিক মানুষ।

রবিবার (১৪ ডিসেম্বর) সকালে পালং থানার উপপরিদর্শক (এসআই) বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, গত শনিবার রাতে একই গ্রামের প্রভাবশালী মাছুম সরদার টিন দিয়ে রাস্তা বন্ধ করেছেন। দীর্ঘদিন ধরে এই রাস্তা দিয়ে চলাচল করছিলেন স্থানীয়রা। গত বছরও মাছুম সরদার নিজের জমি দাবি করে রাস্তা বন্ধ করেছিলেন। উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) মাধ্যমে স্থানীয় সালিস বৈঠকের পর তখন রাস্তা খুলে দেওয়া হয়েছিল।

ভুক্তভোগী আবু সাহেব ঢালী বলেন, আমরা এই রাস্তা দিয়ে প্রায় ৫০ বছর চলাচল করি। শনিবার রাতে মাছুম সরদার রাস্তা বন্ধ করে দেয়। জরুরি কাজে বের হতে পারছি না। আমাদের ওপর হুমকি-ধমকি ও শারীরিক হামলাও করেছেন। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এ ব্যাপারে মাসুম সরদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি বক্তব্য দিতে পারেননি।

পালং থানার এসআই ইলিয়াস হোসেন বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে এই ঘটনা ঘটেছে। দুপক্ষকে থানায় ডেকে কথা বলা হয়েছে, পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।