নীলফামারীতে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
সংগৃহীত ছবি
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নীলফামারীতে নানা কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) সকালে নীলফামারী সরকারি কলেজ বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসন ও নীলফামারী সরকারি কলেজের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম পুষ্পমাল্য অর্পণ করেন।
এছাড়া মুক্তিযোদ্ধা সংসদ, নীলফামারী সরকারি কলেজ, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর এবং কলেজ ছাত্রদলসহ বিভিন্ন সংগঠন শহীদ বেদিতে শ্রদ্ধা জানায়।
পুষ্পমাল্য অর্পণ শেষে নীলফামারী সরকারি কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আমিনুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম এবং নীলফামারী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফিরোজুল আলম।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন নীলফামারী সরকারি কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক জাহাঙ্গীর আলম। সভাটি সঞ্চালনা করেন একই কলেজের ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক ওমর ফারুক।