পঞ্চগড়ে ছাত্রদলের বিজয় শোভাযাত্রা ও পথসমাবেশ

পঞ্চগড়ে ছাত্রদলের বিজয় শোভাযাত্রা ও পথসমাবেশ

সংগৃহীত ছবি

মহান বিজয় দিবস উপলক্ষে পঞ্চগড়ে বিজয় শোভাযাত্রা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার বিকেলে জজকোর্ট চত্বর থেকে এই শোভাযাত্রা বের করা হয়। প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি চৌরঙ্গী মোড়ে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত পথসমাবেশ অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির, সদস্য রীনা পারভিন, লেখক ও গবেষক নওফেল জমির, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, মির্জা নাজমুল ইসলাম কাজল, সদস্য রুবেল পাটোয়ারী, জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপানসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত পথসমাবেশে ব্যারিস্টার নওশাদ জমির প্রখ্যাত সাহিত্যিক মীর মশারফ হোসেনের একটি লেখাকে উদ্ধৃতি দিয়ে বলেন, ‘স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন।’ মীর মশারফ হোসেন এই কথাটি আমাদের অনেক আগে থেকেই জানিয়ে গেছেন। গত ৫৪ বছরে বাংলাদেশের মানুষ এই কথাটিকে প্রতিনিয়ত অনুধাবন করেছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যে বিভিন্ন ষড়যন্ত্র হয়েছে, তার মোকাবিলা করে আমরা সারা বিশ্বকে দেখিয়েছি যে আমরা এক ও অভিন্ন। স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশের মানুষ একমত। তবে স্বাধীনতার বিরুদ্ধে ও বিজয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র ক্রমবর্ধমান, যার প্রমাণ ওসমান হাদিকে হত্যা চেষ্টা। আমরা এর তীব্র নিন্দা জানাই।