নেত্রকোনার কলমাকান্দায় লরির ধাক্কায় শিশু নিহত

নেত্রকোনার কলমাকান্দায় লরির ধাক্কায় শিশু নিহত

প্রতিকী ছবি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় লরির ধাক্কায় সাব্বির হোসেন (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার খারনৈ ইউনিয়নের বামনগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

সাব্বির ওই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে একটি লরি উত্তর দিকে যাচ্ছিল।

এ সময় সাব্বির শিশুসুলভ কৌতূহলবশত লরিটির পেছনে দৌড় দেয়। একপর্যায়ে লরির বডির পেছনে ধাক্কা লেগে সে সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. শেখ তালাত মাহমুদ পিন্টু শিশুটিকে মৃত ঘোষণা করেন।

সাব্বিরের দাদা শুকুর আলী বলেন, একটু অসাবধানতার কারণেই আমার নাতিটাকে হারাতে হলো।

মুহূর্তের মধ্যেই সব শেষ হয়ে গেল।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কে ভারি যানবাহন চলাচলে আরো সতর্কতা ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিক হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।