বাসের ধাক্কায় ভাঙা গেটের চাপায় সিকিউরিটি গার্ড নিহত
প্রতিকী ছবি
রাজধানীর ডেমরার দেল্লাহয় ‘রাজধানী পরিবহনের’ একটি বাস ডিপোতে প্রবেশ করানোর সময়ে গেটে ধাক্কা দেয়। এসময় সেই গেট ভেঙে চাপা পড়ে সেখানকার সিকিউরিটি গার্ড ইদ্রিস সরদার (৫৫) ঘটনাস্থলে মারা যান। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
ইদ্রিস সরদারের গ্রামের বাড়ি পিরোজপুরের নাজিরপুরের শাখারী কাঠি।
তার বাবার নাম তোবারক সরদার। বর্তমানে সেই ডিপোতে থাকতেন ইদ্রিস সরদার।
ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রুবেল বলেন, ওই বাস ডিপোতে রাজধানী, অসিম পরিবহনের বাসসহ অন্যান্য বাস রাখা হয়। ঘটনার সময়ে রাজধানী পরিবহনের বাসটি ভেতরে পার্কিং করছিল ওই বাসের সহকারী।
ঘটনার পরপর তিনি পালিয়ে যান। তাকে ধরার চেষ্টা চলছে।
তিনি আরো বলেন, ইদ্রিস সরদারের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে রাত সাড়ে ১১টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।