হাসনাতের নির্বাচনী প্রচারণা : আটকের পর দুই যুবককে ছেড়ে দিল পুলিশ

হাসনাতের নির্বাচনী প্রচারণা : আটকের পর দুই যুবককে ছেড়ে দিল পুলিশ

সংগ্রহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী প্রচারণা থেকে রবিউল ও সজিব নামের সন্দেহভাজন দুই যুবককে আটক করেছে দেবীদ্বার থানা পুলিশ।

এসময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে স্থানীয় এলাকার পরিচয় নিশ্চিত হয়ে ছেড়ে দেওয়া হয়।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লার দেবীদ্বার উপজেলায় এলাহাবাদ ইউনিয়নে হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী প্রচারণাকালে এ ঘটনা ঘটে।

জানা যায়, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে দেবীদ্বারে নির্বাচনী প্রচারণা শুরু করেন হাসনাত আব্দুল্লাহ।

এ সময় তার সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া বেশ কিছু সমর্থকের মধ্যে ৩ জনকে সন্দেহ করে পুলিশ। একপর্যায়ে তাদের মধ্যে দুজনকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানে স্থানীয়দের সহায়তায় পরিচয় নিশ্চিত হয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

এর আগে গত শুক্রবার রাজধানীর বিজয় নগর এলাকা প্রচারণা শেষে ফেরার পথে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি।

এর পরই ছড়িয়ে পড়ে আতঙ্ক। গোয়েন্দা তথ্যানুযায়ী শুধু হাদিই নয়, হিট লিস্টে ১০ জনের নাম রয়েছে। এ তালিকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক ও কুমিল্লা-৪ দেবীদ্বার আসনের শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আব্দুল্লাহর নামও রয়েছে।

দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সারোয়ার হোসেন জানান, হাসনাত আব্দুল্লাহর নিরাপত্তা নিশ্চিতে এবং অপ্রীতিকর ঘটনা ঠেকাতে তৎপর রয়েছে পুলিশ।

দুজন সন্দেহভাজনকে আটকের পর জিজ্ঞাসাদের মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত হয়ে ছেড়ে দেওয়া হয়েছে। হাসনাত আব্দুল্লাহ নিজেই শনাক্ত করেছেন ওই দুজন তার সমর্থক।