এমবাপ্পের জোড়া গোলে শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদ

এমবাপ্পের জোড়া গোলে শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদ

সংগ্রহীত ছবি

স্নায়ুচাপ আর উত্তেজনায় ভরা এক ম্যাচে তৃতীয় স্তরের ক্লাব তালাভেরাকে ৩-২ গোলে হারিয়ে কোপা দেল রের শেষ ষোলোতে উঠেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোলরক্ষক আন্দ্রি লুনিনের অবিশ্বাস্য সেভ অতিরিক্ত সময়ে গড়ানো থেকে রক্ষা করে লস ব্লাঙ্কোদের।

এস্তাদিও এল প্রাডোতে অনুষ্ঠিত ম্যাচে সাম্প্রতিক বাজে ফর্মের কারণে কোচ জাবি আলোনসোর ওপর চাপ থাকায় বেশ কয়েকজন তারকা খেলোয়াড়কে একাদশে রাখে মাদ্রিদ। তবে শক্তির বিচারে এগিয়ে থাকলেও ম্যাচটি সহজ ছিল না।

প্রথমার্ধে কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি গোলে এগিয়ে যায় মাদ্রিদ। কর্নার থেকে আসা বলে মারকোস মোরেনোর হাতে লাগায় রেফারি স্পট কিকের সিদ্ধান্ত দেন, সুযোগ কাজে লাগান ফরাসি তারকা। বিরতির ঠিক আগে এমবাপ্পের তৈরি করা আক্রমণ থেকে আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ করে সফরকারীরা।

দ্বিতীয়ার্ধে তালাভেরা আক্রমণ জোরদার করলে ম্যাচে ফিরে আসে উত্তেজনা।

শেষ দশ মিনিটে নাহুয়েল আররোয়োর গোলে ব্যবধান কমে যায়। ৮৮তম মিনিটে দূরপাল্লার শটে এমবাপ্পে নিজের দ্বিতীয় গোল করলে মনে হয়েছিল ম্যাচের ফয়সালা হয়ে গেছে। কিন্তু যোগ করা সময়ে তালাভেরা আরেকটি গোল করলে আবারও চাপে পড়ে যায় মাদ্রিদ।

শেষ সেকেন্ডে সমতাসূচক গোলের সুবর্ণ সুযোগ পেয়েছিল স্বাগতিকরা, কিন্তু লুনিনের দুর্দান্ত সেভে রক্ষা পায় ২০ বারের কোপা দেল রে জয়ীরা।

এই ম্যাচে জোড়া গোল করে ২০২৫ সালে রিয়াল মাদ্রিদের হয়ে এমবাপ্পের গোলসংখ্যা দাঁড়াল ৫৮। এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ৫৯ গোলের ক্রিস্তিয়ানো রোনালদোর রেকর্ড ছোঁয়ার একেবারে কাছাকাছি এখন তিনি। শনিবার লা লিগায় সেভিয়ার বিপক্ষে ম্যাচেই রেকর্ড স্পর্শ বা ছাড়িয়ে যাওয়ার সুযোগ পাবেন ফরাসি তারকা।