দুর্গম পাহাড়ে বিজিবির মেডিক্যাল ক্যাম্প ও কম্বল বিতরণ

দুর্গম পাহাড়ে বিজিবির মেডিক্যাল ক্যাম্প ও কম্বল বিতরণ

সংগৃহীত ছবি

খাগড়াছড়ির রামগড়ের দুর্গম পাহাড়ি এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ করেছে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে রামগড় ব্যাটালিয়নের উদ্যোগে উপজেলার গরুকাটা এলাকায় আয়োজন করা হয় মেডিক্যাল ক্যাম্প ও মানবিক সহায়তার। রামগড় উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরের এই দুর্গম এলাকায় বসবাসরত দুই শতাধিক অসহায় পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. আহসান উল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।

একই সঙ্গে মানবিক সহায়তার অংশ হিসেবে দুই শতাধিক দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রামগড় জোনের উপ অধিনায়ক মেজর ফারজিন ফাহিম ও মেডিক্যাল অফিসার মেজর অতসী দেবনাথ।

ব্যাটালিয়ন অধিনায়ক জানান, দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত গরীব ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।