শেরপুরে ৫ ইটভাটা বন্ধ, ১৭ লাখ টাকা জরিমানা

শেরপুরে ৫ ইটভাটা বন্ধ, ১৭ লাখ টাকা জরিমানা

সংগৃহীত

শেরপুরে পাঁচটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে পাঁচ ইটভাটাকে মোট ১৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ইটভাটাগুলোর সব ধরনের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার রাজিব সরকার। এ সময় ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন করেন পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস।

ভ্রাম্যমাণ আদালতের তথ্যমতে, শেরপুর সদর উপজেলার চরশেরপুরের রামকৃষ্ণপুর গ্রামের মেসার্স আল আমিন জিগজ্যাগ ব্রিকস-৩ কে ৩ লাখ ৫০ হাজার টাকা, শেরপুর পৌরসভার মোবারকপুরের মেসার্স আর এইচ অটো ব্রিকস-১ কে ৩ লাখ ৫০ হাজার টাকা, একই মহল্লার মেসার্স সাওদা ব্রিকসকে ৩ লাখ ৫০ হাজার টাকা, পার্শ্ববর্তী মেসার্স আল আমিন ব্রিকস-২ কে ৩ লাখ টাকা এবং শ্রীবরদী উপজেলার ইন্দিলপুরের মেসার্স মা ব্রিকসকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানের সময় সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিনিধিরা সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হেদায়েতুল ইসলাম বলেন, পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া ইটভাটা পরিচালনার অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।