“প্রজন্ম থেকে প্রজন্মের জন্য অনুপ্রেরণা হাদির সাহস”- মিজানুর রহমান আজহারী

“প্রজন্ম থেকে প্রজন্মের জন্য অনুপ্রেরণা হাদির সাহস”- মিজানুর রহমান আজহারী

প্রতিকী ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে ন্যায় ও ইনসাফের অটল প্রতীক হিসেবে উল্লেখ করেছেন বিশিষ্ট ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী।

তিনি বলেন, “দ্রোহের প্রতীক শহীদ হাদির প্রতি রাজকীয় শ্রদ্ধা প্রদর্শন। আসমানে তাকে এর চেয়েও মহৎ অভ্যর্থনা জানানো হচ্ছে।”

শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মিজানুর রহমান আজহারী এই মন্তব্য প্রকাশ করেন। তিনি লিখেছেন, “দ্রোহের প্রতীক শহীদ ওসমান হাদি। ধূমকেতুর মতো তিনি জনপদে ন্যায় ও ইনসাফের সপক্ষে বিপ্লবের আলো ছড়িয়ে এলে, হঠাৎ করে রবের কাছে চলে গেলেন। নিশ্চয়ই আসমানে তাকে এর চেয়েও বড়ভাবে অভ্যর্থনা জানানো হচ্ছে।”

তিনি আরও উল্লেখ করেন, “জুমার নামাজের পর গুলিবিদ্ধ হন, এবং পরের জুমার রাতেই শাহাদতবরণ করেন। কোটি মানুষের কান্না মিশ্রিত দোয়া তার কাছে পৌঁছেছে। এটি এক অনন্য সৌভাগ্য।”

আজহারী বলেন, “হাদির মতো দেশপ্রেমিক, আধিপত্যবিরোধী ও ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন তরুণরাই আগামীর বাংলাদেশ। শহীদের রক্ত কখনো বৃথা যায় না। ইনশাআল্লাহ ওসমান হাদি বেঁচে থাকবেন সহস্র মুক্তিকামী মানুষের ভালোবাসায় এবং প্রজন্ম থেকে প্রজন্মের অনুপ্রেরণা হয়ে থাকবেন। সাহসের বাতিঘর হয়ে থাকবেন অসংখ্য মানুষের হৃদয়ে।”

উল্লেখ্য, শনিবার দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষ অংশগ্রহণে ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন করা হয়।