পরিষ্কার পেনাল্টি ছিল, রেফারি দেননি: নিউক‍্যাসল কোচ

পরিষ্কার পেনাল্টি ছিল, রেফারি দেননি: নিউক‍্যাসল কোচ

সংগৃহীত ছবি

নিক ভল্টামাডার জোড়া গোলে ২০ মিনিটের মধ‍্যে চালকের আসনে বসে গেল নিউক‍্যাসল ইউনাইটেড। কিন্তু এরপরও জিততে পারল না দলটি। তবে এর জন‍্য খেলোয়াড়দের দায় দিলেন না এডি হাউ। চেলসির বিপক্ষে ড্রয়ের পর তিনি কাঠগড়ায় তুললেন রেফারিকে।

নিউক‍্যাসল কোচের দাবি, তাদের ‘নিশ্চিত’ পেনাল্টি দেননি রেফারি।

নিউক‍্যাসলের মাঠে শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি শেষ হয় ২-২ সমতায়। চতুর্থ ও ২০তম মিনিটে স্বাগতিকদের গোল দুটি করেন জার্মান ফরোয়ার্ড ভল্টামাডা। ৪৯তম মিনিটে রিস জেমস ব‍্যবধান কমানোর পর, ৬৬তম মিনিটে সমতা ফেরান জোয়াও পেদ্রো।

এগিয়ে গিয়েও জিততে না পারার ধারাতেই আছে নিউক‍্যাসল। চলতি মৌসুমে এগিয়ে যাওয়ার পরও ১৩ পয়েন্ট ‘হারিয়েছে’ তারা। দুই গোলে এগিয়ে গিয়েও জিততে না পারায় ভীষণ হতাশ হাউ। তবে তিনি বড় করে দেখছেন দ্বিতীয়ার্ধে অ‍্যান্থনি গর্ডনকে করা ট্রেভো শ‍্যালাবার চ‍্যালেঞ্জকে। যেটায় পেনাল্টির জোরাল দাবি জানায় নিউক‍্যাসল। তবে তাতে সাড়া দেননি রেফারি কিংবা ভিএআর। বিষয়টি মানতেই পারছেন না কোচ হাউ।

“আমি মনে করি, পরিষ্কার পেনাল্টি ছিল। এটা মাঠের অন‍্য কোথাও হলে ফ্রি কিক হতো। আমার মনে হয়, ওই খেলোয়াড় আগ্রাসীভাবে, খুব আগ্রাসীভাবে অ‍্যান্থনিকে স্পর্শ করে। আমার মনে হয়, এটা নিশ্চিত (পেনাল্টি)।”

প্রিমিয়ার লিগ ম‍্যাচ সেন্টার হাউয়ের সঙ্গে একমত নয়। তাদের দাবি, বল থেকে দূরে ছিলেন না শ‍্যালাবা, তিনি পাশ থেকে বাধা দেওয়ার চেষ্টা করছিলেন। এই ব‍্যাখ‍্যা মানছেন না নিউক‍্যাসল কোচ। “না, কারণ এটা তা নয়। আমি মনে করি, ডিফেন্ডার কেবল অ‍্যান্থনিকেই স্পর্শ করেছিল, বল নয়। আর আমি মনে করি, এটা খুবই আগ্রাসী ছিল।”


শ‍্যালাবার চ‍্যালেঞ্জকে পেনাল্টি মনে হচ্ছে না চেলসি কোচ এন্টসো মারেস্কার কাছে। তিনি খুশি ২-০ ব‍্যবধানে পিছিয়ে থাকার পরও পয়েন্ট নিয়ে ফিরতে পারায়।

“আমার মনে হয় না, খুব বেশি দল বিরতির সময়ে ২-০ ব‍্যবধানে পিছিয়ে থাকার পর, এই দলের বিপক্ষে এই মাঠে, ঘুরে দাঁড়াতে পারবে।”

“আজ আমি খুব খুশি, কারণ আমি খেলোয়াড়দের নিয়ে গর্বিত। ২-০ ব‍্যবধানে পিছিয়ে পড়ার পর দৃঢ়তা দেখানো এবং ঘুরে দাঁড়ানো, ম‍্যাচ ছিল সমানে-সমানে, ভক্তদের জন‍্য উপভোগ‍্য।”

১৭ ম‍্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে নিউক‍্যাসল। অন‍্য ম‍্যাচের ফলের ওপর নির্ভর করে আরও পিছিয়ে যেতে পারে তারা। সমান ম‍্যাচে ২৯ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে চেলসি।