গাংনীতে যুবককে কুপিয়ে হত্যা
প্রতিকি ছবি
মেহেরপুরের গাংনী উপজেলার কল্যাণপুর গ্রামে তপন হোসেন (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
রবিবার বেলা ১১টার দিকে কল্যাণপুর গ্রামের হাজীপাড়ার মাঠে অবস্থিত একটি পেঁপে ক্ষেত থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত তপন হোসেন গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের মজিবার রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে মাঠে কাজ করতে গিয়ে কয়েকজন কৃষক পেঁপে ক্ষেতের ভেতরে রক্তাক্ত অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহতের স্ত্রী রুপা খাতুন জানান, শনিবার রাত ১১টার দিকে তপন বাড়িতে এসে খাওয়া-দাওয়া করেন। এরপর মরিচ ও কলার জমি দেখার কথা বলে বাড়ি থেকে বের হন। প্রতিদিন রাতেই তিনি জমি দেখতে যেতেন। রবিবার ভোরে ঘুম থেকে উঠে দেখেন তপন বাড়ি ফেরেননি। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
গাংনী থানার ওসি উত্তম কুমার রায় জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তপন হোসেনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে ধারালো অস্ত্র, সম্ভবত চাকু দিয়ে আঘাত করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।