রজার্সের নৈপুণ্যে শিরোপা লড়াইয়ে টিকে থাকল অ্যাস্টন ভিলা
সংগ্রহীত ছবি
উনাই এমেরিকে জিনিয়াস আখ্যা দিলেও মাঠে অ্যাস্টন ভিলার সাফল্যের পেছনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে তরুণ ফরোয়ার্ড মর্গান রজার্স। তার দুর্দান্ত পারফরম্যান্সে শিরোপা দৌড়ে নিজেদের অবস্থান শক্ত করেছে ভিলা।
রবিবার ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১০ ম্যাচে জয় পেল অ্যাস্টন ভিলা। এই ম্যাচে ভিলার হয়ে দুই গোলই করেন ২৩ বছর বয়সী রজার্স, যার মধ্যে প্রথম গোলটি ছিল দৃষ্টিনন্দন এক শট।
চলতি মৌসুমে রজার্সের ধারাবাহিক পারফরম্যান্স তাকে ইংল্যান্ড কোচ থমাস টুখেলের বিশ্বকাপ পরিকল্পনার সম্ভাব্য গুরুত্বপূর্ণ অংশ হিসেবেও বিবেচনায় এনেছে। তার নৈপূণে প্রিমিয়ার লিগ শিরোপার স্বপ্ন দেখাচ্ছে অ্যাস্টন ভিলাকে।
গত মৌসুমের শুরু থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ২১ গোল করেছেন রজার্স। মর্গান রজার্স শীর্ষ লিগে ২০ বা তার বেশি গোল করা সবচেয়ে কম বয়সী খেলোয়াড়। চলতি প্রিমিয়ার লিগে ভিলার হয়ে সর্বোচ্চ সাত গোল করেছেন তিনি, যার মধ্যে শেষ দুই ম্যাচেই এসেছে চার গোল।
ম্যানেজার উনাই এমেরি রজার্সকে দলের ‘প্রোটাগনিস্ট’ ও ‘ফাইটার’ হিসেবে উল্লেখ করে বলেন, ‘সে ফুটবল ভালোবাসে, কঠোর পরিশ্রম করে এবং ধীরে ধীরে নিজের মান অনেক উঁচুতে নিয়ে যাচ্ছে। মৌসুমের শুরুতে গোল না পেলেও তার মানসিকতা সবসময় ইতিবাচক ছিল।’
সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকার ওয়েইন রুনি বলেন, “গত এক মাসে রজার্স নিজেকে পুরোপুরি মেলে ধরেছে। শারীরিকভাবে শক্তিশালী, বল নিয়ে দারুণ দৌড়ায় এবং অসাধারণ গোল করছে। এখন সে অ্যাস্টন ভিলার মূল খেলোয়াড়।”
বিবিসি রেডিও ৫ লাইভে সাবেক ইংল্যান্ড ফরোয়ার্ড সু স্মিথ বলেন, “রজার্সের প্রথম টাচ নিখুঁত। ম্যাচ যখন সূক্ষ্ম ব্যবধানে নির্ধারিত হয়, তখন এমন খেলোয়াড়ই পার্থক্য গড়ে দেয়।”