ইসরায়েলকে যা বললেন ইরানি জেনারেল
সংগ্রহীত ছবি
ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান চিফ অব স্টাফ মেজর জেনারেল আব্দোলরহিম মুসাভি দাবি করেছেন, ইসরায়েল নাকি বিদেশে ইহুদি সম্প্রদায়ের ওপর ‘ফলস-ফ্ল্যাগ’ বা সাজানো আত্মঘাতী হামলা চালিয়ে ইহুদিবিদ্বেষ উসকে দিচ্ছে। নিজেদের ভুক্তভোগী হিসেবে তুলে ধরার চেষ্টা করছে।
রবিববার মুসাভি বলেন, ইহুদিরা অভ্যন্তরীণ অস্থিরতা ঢাকতে, বিপরীতমুখী অভিবাসন ঠেকাতে এবং আন্তর্জাতিক মহলে সহানুভূতি আদায়ের উদ্দেশ্যে বিদেশে ইহুদি সম্প্রদায় ও তাদের সংশ্লিষ্টদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, অতীতেও এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে।
অস্ট্রেলিয়ার সিডনিতে গত সপ্তাহে একটি ইহুদি উৎসবে বন্দুকধারীদের হামলার প্রসঙ্গ টেনে মুসাভি বলেন, এটি প্রথম ঘটনা নয় যেখানে ইহুদিদের লক্ষ্য করে হামলার মাধ্যমে ইসরায়েলকে ভুক্তভোগী হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। ওই হামলায় অন্তত ১৫ জন নিহত এবং বহু মানুষ আহত হন বলে জানা গেছে।
এদিকে, সিডনির ওই হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই বলেন, যেখানেই সংঘটিত হোক না কেন, সন্ত্রাসী সহিংসতা ও গণহত্যা অবৈধ ও অপরাধমূলক—এর নিন্দা জানানো জরুরি।