গোপালগঞ্জে শ্রমজীবীদের মাঝে বসুন্ধরা শুভসংঘের টুপি বিতরণ
সংগৃহীত ছবি
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমজীবী মানুষের প্রতি সম্মান প্রদর্শনের লক্ষ্যে টুপি (ক্যাপ) বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ গোপালগঞ্জ জেলা শাখা। বৃহস্পতিবার (১ মে) সকাল ৯টায় শহরের লঞ্চঘাট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এসময় রিকশাচালক, ভ্যানচালক, পরিচ্ছন্নতাকর্মী, রাজমিস্ত্রি সহ বিভিন্ন পেশার প্রায় অর্ধশতাধিক শ্রমজীবী মানুষের মাঝে লাল-সবুজ রঙের ক্যাপ বিতরণ করা হয়।
টুপি পেয়ে রিকশাচালক আক্তার হোসেন বলেন, ‘গেল কয়েকদিন আগে অনেক রোদ ছিল আর রোদের তাপ ছিল, তখন রিকশা চালাতে পারতাম না ঠিকমতো, শুনতেছি এই বৃষ্টি গেলে আবার নাকি রোদ শুরু হবে, সেই সময় আপনাদের দেয়া এই টুপি পরে রিক্সা চালাবো, আর আপনাগো লাইগা দোয়া করব।’
পরিচ্ছন্নতা কর্মী বিজয় জমাদার বলেন, ‘সারাদিন ময়লা টানি, সন্ধ্যায় বাড়ি গিয়া দেহি মাথায় ময়লা। ক্যাপটা অনেক পছন্দ হইছে, এইডা মাথায় দিয়া কাজ করলে মাথায় ময়লা লাগবো না।’
এসময় বসুন্ধরা শুভসংঘ গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক তূর্য রহমান বলেন, ‘আন্তর্জাতিক শ্রমিক দিবসে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। বছরে অন্তত একটা দিন তাদের পাশে থাকতে পেরে খুবই ভালো লাগছে।’
যুগ্ম সাধারণ সম্পাদক টিপু বিশ্বাস বলেন, শ্রমিকদের অধিকার আদায়ের এই দিনে আজকে আমি এই কাজের সঙ্গে যুক্ত থাকতে পেরে নিজেকে খুবই ধন্য মনে করছি। আমাকে এই শুভ কাজের সুযোগ করে দিয়েছে বলে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বসুন্ধরা শুভসংঘের প্রতি।
গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি সুজন দাস বলেন, বসুন্ধরা শুভসংঘ প্রতিনিয়ত ভালো কাজের সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করে। আজ আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমজীবী মানুষদের পাশে থাকার এই সামান্য প্রয়াস নিয়ে আমরা হাজির হয়েছি। শ্রমজীবী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন পরবর্তীতে আপনাদের কাছে আরও ভালো কিছু নিয়ে উপস্থিত হতে পারি।
এসময় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোহাম্মদ আল ইমরান সুমন, আশিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সামিউল আলম, সাংগঠনিক সম্পাদক অয়ন সাহা, দপ্তর সম্পাদক রায়হান ফকির, আপ্যায়ন সম্পাদক কৃষ্ণ সরকার এবং গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি হুমায়ূন আহমেদ পলকসহ অন্যান্য সদস্যরা।