বেনাপোল সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা
সংগৃহীত ছবি
খুলনা মহানগরীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকে গুলি করে হত্যাচেষ্টার পর যশোর সীমান্তজুড়ে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার এনসিপির শ্রমিক উইংয়ের খুলনা বিভাগীয় আহ্বায়ক ও দলের কেন্দ্রীয় সমন্বয়ক মো. মোতালেব সিকদারের ওপর এই হামলার ঘটনা ঘটে।
বিজিবি জানিয়েছে, খুলনার সোনাডাঙ্গা আবাসিক এলাকার সামনে দিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন মোতালেব সিকদার। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিজিবির যশোর ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।
সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে টহল জোরদার করা হয়েছে, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। একইসঙ্গে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। যেসব সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নেই, সেসব পয়েন্ট 'কার্যত সিলগালা' করা হয়েছে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, সীমান্তের প্রতিটি পয়েন্টে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। সাম্প্রতিক সময়ে সংঘটিত হাদি হত্যা মামলার পলাতক আসামিরা যাতে সীমান্ত দিয়ে পালাতে না পারে সেদিকেও নজর রাখা হচ্ছে।