ফ্যাসিস্ট শক্তি জনমনে ভয় ধরিয়ে নির্বাচন বানচাল করতে চায় : সাকি
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি
ফ্যাসিস্ট শক্তি জনমনে ভয় ধরিয়ে নির্বাচন বানচাল করতে চায় বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।
সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণসংহতি আন্দোলনের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
জোনায়েদ সাকি বলেন, ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। তার শাহাদাতের মধ্য দিয়ে মানুষের মধ্যে শোক এবং ক্ষোভের জন্ম হয়েছে। আজকে বাংলাদেশের মানুষ ওসমান হাদির হত্যার বিচার চায়। মানুষ ক্ষুব্ধ এবং এই ক্ষোভকে কাজে লাগিয়ে একদল গোষ্ঠী তাদের নিজস্ব রাজনৈতিক লক্ষ্য পতিত ফ্যাসিস্টদের দেখিয়ে, গণতন্ত্রের পথে না হেঁটে, তারা নিজেরা আরেকটা ফ্যাসিবাদী গোষ্ঠী হয়ে উঠতে চায়।
তিনি আরও বলেন, ওসমান হাদির উপর হামলাকারীদের সুনির্দিষ্ট তথ্য সরকার দিতে পারছে না। আজকে এ পরিস্থিতি যদি অব্যাহত থাকে, তাহলে পতিত ফ্যাসিস্টরা বাংলাদেশের মানুষের মধ্যে আবারও ভয় ধরিয়ে, সামনে আমাদের গণতান্ত্রিক উত্তরণের কাজকে ধ্বংস করে দিতে পারে। তারা নির্বাচন বানচাল করতে চায়। এটা অত্যন্ত পরিষ্কার ঘোষণা। ওসমান হাদিকে হত্যা করে তারা আরও অনেককে হুমকি দিয়ে এবং এই ধরনের হামলা চালিয়ে এমন একটা ভীতিকর অবস্থা সৃষ্টি করতে চায়, যাতে এখানে নির্বাচনের কোনো পরিবেশ না থাকে।
গণতন্ত্র মঞ্চের এই নেতা বলেন, কে কখন গুলিবিদ্ধ ও হামলার শিকার হবেন, কিন্তু সরকার নিরাপত্তা দিতে পারছে না। পতিত ফ্যাসিস্টরা বাংলাদেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করতে চায়। নির্বাচন বানচাল করে অনিশ্চয়তার দিকে ঠেলতে চায়। তারা বাংলাদেশের মানুষের মধ্যে প্রমাণ করতে চায় যে, তারা না থাকলে দেশ অরাজক হয়ে যায়। বাংলাদেশে এখন এটাই তাদের লক্ষ্য। তারা এখনো দেশকে ধ্বংস করা থেকে সরে আসেনি। তারা এদেশকে আবারও চূড়ান্ত বিপর্যয়ের দিকে নিয়ে যেতে চায়। পতিত ফ্যাসিস্টরা বসে নেই, তারা বাংলাদেশের অভ্যুত্থানকে ধ্বংস করতে চায়।
জোনায়েদ সাকি বলেন, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের জাতিবাদী ফ্যাসিবাদ গ্রহণ করেনি। কোনো একটি শক্তি যদি আজকে ধর্মবাদী ফ্যাসিবাদ কায়েম করতে চায়, মানুষ সেটিকেও গ্রহণ করবে না। বাংলাদেশ পরিষ্কারভাবে গণতন্ত্রের পথে যাবে, এটাই অভ্যুত্থানের শত শহীদের রক্তের ঋণ। সরকারকে বলতে চাই... ওসমান হাদিকে যারা হত্যা করেছে, তাদের অবশ্যই গ্রেফতার করে বিচার করতে হবে। জুলাইয়ে যত হত্যা হয়েছে সবগুলোর বিচার করতে হবে। আপনারা (সরকার) বিচারের কাজকে যদি এগিয়ে নিতে না পারেন, ওসমান হাদির হত্যাকারীদেরকে যদি গ্রেফতার করতে না পারেন, তাহলে জবাবদিহি আপনাদেরও করতে হবে।