ঢাকার কেরানীগঞ্জে ফলের আড়তে অভিযান : ৯ জন দণ্ডিত ও কারখানা সিলগালা
সংগ্রহীত ছবি
ঢাকার কেরানীগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উমর ফারুকের নেতৃত্বে রাজেন্দ্রপুরের ফলের আড়তে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) সকালে পরিচালিত হওয়া অভিযানে অবৈধভাবে কেমিক্যাল ও ফরমালিন মিশিয়ে কলাসহ বিভিন্ন ফল পাকানোর কারণে ৯ জনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি জিঞ্জিরা এলাকায় সিক্সটি ফোর নামক একটি টয়লেট ক্লিনার কারখানায় অভিযান পরিচালিত হয়। বিভিন্ন অনিয়মের কারণে কারখানাটি সিলাগালা করা হয়।
অভিযানে আরো ছিলেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ, বিএসটিআইয়ের প্রতিনিধি ফিল্ড অফিসার আলী আকবর সুহেল, কেরানীগঞ্জ থানার এসআই হাসমাত আহমেদ ও মাহবুব রহমানসহ প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উমর ফারুক জানান, বেশ কয়েকদিন ধরে রাজেন্দ্রপুর এলাকায় ফল ও সবজির আড়তগুলোতে কেমিক্যাল ও ফরমালিন মিশিয়ে কলা পাকানো হয় যা মানবদেহের জন্যে অত্যন্ত ক্ষতিকর। যার ফলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আড়তের ম্যানেজারসহ কয়েকজন আড়তদারকে অর্থদণ্ড করা হয় এবং কেমিক্যাল মেশানো কলা বিনষ্ট করা হয়।
তিনি আরো বলেন, জিঞ্জিরা এলাকায় আনাচে-কানাচে কিছু কারখানা রয়েছে যা অবৈধভাবে চলমান।
সিক্সটি ফোর নামক টয়লেট ক্লিনার কারখানায় সরজমিনে গিয়ে দেখা যায় তাদের বিএসটিআইয়ের অনুমোদন নেই, লাইসেন্স নেই এবং অযোগ্য লোকবল নিয়ে কেমিস্টের দায়িত্ব পালন করাচ্ছেন। বিভিন্ন ক্ষতিকর কেমিক্যাল জাতীয় কাচা মাল (র-মেটারিয়ালস) আছে যেগুলো মানবদেহের জন্যে চরম ক্ষতিকর। যার ফলে কারখানাটি সিলগালা করা হয়।
বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক।