নির্বাচনি তফসিলের আনুষঙ্গিক তারিখ পুনঃনির্ধারণের দাবি এনসিপির

নির্বাচনি তফসিলের আনুষঙ্গিক তারিখ পুনঃনির্ধারণের দাবি এনসিপির

ফাইল ছবি

প্রার্থীদের নিরাপত্তা, আচরণবিধি, গণভোটসহ নির্বাচন সংক্রান্ত মোট ৫টি বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ সময় দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, ‘দেশের মানুষ যেকোনো ভোটের ব্যাপারে অভ্যস্ত থাকলেও গণভোটের ব্যাপারে অভ্যস্ততা নেই। এর জন্য মানুষকে  গণভোটের বিষয়ে অভ্যস্ত করে তুলতে হবে। কেননা, রাষ্ট্র সংস্কারে গণভোট অনেক বেশি গুরুত্বপূর্ণ।’

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরের দিকে ইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব বিষয় জানান তিনি। এ সময় নির্বাচন সংক্রান্ত ৫ বিষয়ে বৈঠকের বিষয় তুলে ধরেন দলটির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মূসা। 

নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, ‘নির্ধারিত সময়, ফেব্রুয়ারীর ১২ তারিখেই নির্বাচন হতে হবে। তবে মনোনয়নপত্র জমা, প্রত্যাহারসহ তফসিলের আনুষঙ্গিক তারিখ গুলো পুনঃনির্ধারণে ইসিকে আহ্বান জানিয়েছি আমরা।’

বড় দলগুলো গায়ের জোর খাটিয়ে আচরণবিধি লঙ্ঘন করছে উল্লেখ করে পাটোয়ারী বলেন, ‘আচরণবিধি প্রতিপালনে ইসির তৎপরতা দেখতে চাই আমরা। আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে ৩ বাহিনী প্রধানের সাথে নির্বাচন কমিশন সমন্বয় করছেন। যা অত্যন্ত ভালো খবর।’

প্রার্থীদের নিরাপত্তা ইস্যুতে নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, ‘সামগ্রিক পরিস্থিতিতে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে ইসির পদক্ষেপে আমরা হতাশ হয়েছি। আওয়ামী লীগ ও ভারত নির্বাচন পেছানোর নানা ষড়যন্ত্র করছে। ফলে ঢাকা-৮ আসনের প্রার্থী শরিফ ওসমান হাদী হত্যাকাণ্ডের শিকার হয়েছে। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও চিহ্নিত হত্যাকারীকে এখনো গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।’  

প্রবাসীদের ভোটের নিবন্ধন বিষয়ে তিনি বলেন, ‘প্রবাসীদের ভোটের নিবন্ধন করতে আরও সময় বাড়ানো দরকার। তারা নিবন্ধন করতে গিয়ে কিছু জটিলতায় পড়েছেন। সেক্ষেত্রে পাঁচ থেকে ছয় দিন নিবন্ধনের সময় বাড়ানোর জন্য বলেছি। নির্বাচন কমিশন সময় বাড়ানোর বিষয়ে পজেটিভ বলে জানিয়েছেন এবং গণভোটে জনগণকে হ্যাঁ প্রশ্নে থাকার আহ্বান জানান তারা।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাসিরুউদ্দিন পাটোয়ারী বলেন, ‘আমরা কোনো দলের প্রতীকে নির্বাচন করবো না। কারো সাথে আমাদের আসন সমঝোতা হলেও আমরা শাপলা কলি প্রতীকেই নির্বাচন করব। একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা ইতিমধ্যে একটি রাজনৈতিক ঐক্য গঠন করেছি।’