ভোলায় জমির বিরোধ নিয়ে প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু
সংগ্রহীত ছবি
ভোলায় জমির বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় রেজোয়ান আমিন সিফাত (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার সন্ধ্যা ৬ টার দিকে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, পারিবারিক বিরোধের জের ধরে সিফাত নামের এক যুবক নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।
স্থানীয়রা জানান, রাজাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার হেলাল উদ্দিন গ্রুপের সাথে দীর্ঘদিন ধরে তার চাচাতো ভাই আলাউদ্দিন গ্রুপের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে বুধবার ওই ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা অভিযোগ করেন, সন্ধ্যার পরে বাড়ির সামনের রাস্তার ওপর সিফাতকে একা পেয়ে তাদের প্রতিপক্ষ হেলাল মেম্বারের ছেলে সাকিব ও হাসিব এবং সাকিবের চাচাতো ভাই রনি পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সিফাতকে ভোলা সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে।
হাসপাতাল সূত্র জানায়, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
ভোলা থানার ওসি মনিরুল ইসলাম জানান, পারিবারিক বিরোধের জের ধরে সিফাত নামের এক যুবক নিহত হয়েছেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়েছে।