অ্যাশেজে বাঁচা-মরার লড়াই ইংল্যান্ডের, ইতিহাস গড়তে চায় অস্ট্রেলিয়া
সংগৃহীত ছবি
অ্যাশেজ সিরিজে ইতিমধ্যেই ৩-০ ব্যবধানে পিছিয়ে ইংল্যান্ড। এমন অবস্থায় মেলবোর্নে বক্সিং ডে টেস্ট তাদের জন্য যেন ‘ক্রিসমাস মিরাকল’-এর অপেক্ষা দলটির। অন্যদিকে অ্যাডিলেডে সিরিজ নিশ্চিত করে আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়ার লক্ষ্য এখন একটাই লক্ষ্য, ইংল্যান্ডকে সম্পূর্ণ শূন্য হাতে দেশে পাঠানো।
নুসা সফর ঘিরে বিতর্ক, অতিরিক্ত মদ্যপানের অভিযোগ এবং বেন ডাকেটকে ঘিরে ভিডিও প্রকাশ সব মিলিয়ে ইংল্যান্ড শিবিরে অস্বস্তি চরমে। তবে অধিনায়ক বেন স্টোকস বড় আবেগী কণ্ঠে জানিয়েছেন, খেলোয়াড়দের পাশে থাকবেন তিনি। অ্যাশেজ হাতছাড়া হলেও সফর থেকে ইতিবাচক কিছু নিয়ে ফিরতে চান বলে জানান স্টোকস।
পারফরম্যান্সের বিচারে অ্যাডিলেড টেস্টের শেষভাগে ইংল্যান্ড কিছুটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল। তবু স্টোকস স্বীকার করেছেন, বর্তমান অস্ট্রেলিয়া দলটি ‘খুবই শক্তিশালী’। প্যাট কামিন্সের দল ইতোমধ্যে অ্যাশেজ ধরে রাখলেও তাদের লক্ষ্য ৫-০ জয় এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ পয়েন্ট।
তবে অস্ট্রেলিয়া শিবিরেও বড় পরিবর্তন আসছে। পিঠের চোটের ঝুঁকি এড়াতে সিরিজের বাকি অংশে খেলছেন না কামিন্স। ইনজুরির কারণে নাথান লায়নও বাইরে। স্পিনার টড মারফিকে না রেখে দ্বিতীয়বারের মতো পেস আক্রমণে নামছে স্বাগতিকরা। দীর্ঘ চার বছর পর টেস্টে ফেরার দৌড়ে আছেন ঝাই রিচার্ডসন। স্টিভেন স্মিথের অসুস্থতার সুযোগে দলে ফেরা উসমান খাজা ব্যাট করবেন পাঁচ নম্বরে, আর উইকেটের পেছনে দুর্দান্ত ছন্দে থাকা অ্যালেক্স ক্যারি ছয় নম্বরে।
ইংল্যান্ড দলে সবচেয়ে বড় পরিবর্তন অলিভার পোপ বাদ। তার জায়গায় তিন নম্বরে ফিরছেন জ্যাকব বেথেল। চোটে পুরো সফর থেকে ছিটকে গেছেন জফ্রা আর্চার, ফলে পেস আক্রমণে ফিরছেন গাস অ্যাটকিনসন। বিতর্কের মাঝেও বেন ডাকেটের ওপর আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট।
সম্ভাব্য একাদশ
অস্ট্রেলিয়া: জেক ওয়েদারাল্ড, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ (অধিনায়ক), উসমান খাজা, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, মাইকেল নেসার, মিচেল স্টার্ক, ব্রেন্ডন ডগেট/ঝাই রিচার্ডসন, স্কট বোল্যান্ড।
ইংল্যান্ড: জ্যাক ক্রলি, বেন ডাকেট, জ্যাকব বেথেল, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটকিপার), উইল জ্যাকস, গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্স, জশ টাং।
পিচ ও কন্ডিশন
এমসিজির কিউরেটর ম্যাট পেজ জানিয়েছেন, এমন উইকেট বানানোর চেষ্টা করা হয়েছে যেখানে ব্যাটসম্যান ও বোলার দু’পক্ষই সহায়তা পাবে। ঘাস থাকবে প্রায় ১০ মিমি, শুরুতে পেসাররা সুবিধা পেতে পারেন। বক্সিং ডেতে আবহাওয়া তুলনামূলক ঠান্ডা, পরে তাপমাত্রা ৩০ ডিগ্রির ঘরে উঠতে পারে। প্রথম ও শেষ দিনে হালকা বৃষ্টির সম্ভাবনাও আছে। সব মিলিয়ে, একদিকে ইংল্যান্ডের বাঁচা-মরার লড়াই, অন্যদিকে অস্ট্রেলিয়ার ইতিহাস গড়ার হাতছানি। মেলবোর্নে বক্সিং ডে টেস্ট হতে যাচ্ছে সিরিজের সবচেয়ে নাটকীয় অধ্যায়।