সেনেগাল উপকূলে নৌকা ডুবে ১২ মৃত্যু

সেনেগাল উপকূলে নৌকা ডুবে ১২ মৃত্যু

ফাইল ছবি।

পশ্চিম আফ্রিকার পশ্চিমের দেশ সেনেগালের উপকূলে অভিবাসী বহনকারীদের একটি নৌকা ডুবে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে।বুধবার দেশটির নিরাপত্তা সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

দুর্ঘটনাটি ঘটেছে সেনেগালের মবুর শহরের উপকূলে। নৌকাটিতে প্রায় ১০০ জন যাত্রী ছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক সেনেগালের এক নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান, '১২ জনের মরদেহ ও ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিরা উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হয়তো পালিয়ে গেছেন। '

সেনেগালের প্রেসিডেন্ট বাসিরু দিয়োমায়ে ফায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, 'এঘটনায় জীবিতদের খোঁজে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

এর আগে গত মঙ্গলবার সেনেগালের থিয়েস অঞ্চলে একটি নৌকা থেকে ১২৩ অভিবাসীকে আটক করেছিল পুলিশ।

সেনেগাল দীর্ঘদিন ধরেই আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসীদের জন্য ইউরোপমুখী যাত্রার একটি প্রধান ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। প্রতিবছর হাজারো মানুষ ঝুঁকি নিয়ে বিপজ্জনক আটলান্টিক পথ পাড়ি জামায়। তারা স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জ হয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করেন।