১৭ ঘণ্টা পর থানা থেকে ছেড়ে দেওয়া আসামি পুনরায় গ্রেফতার
প্রতিকি ছবি
অবশেষে চাপের মুখে ১৭ ঘণ্টা পর খুলনা সদর থানা থেকে ছেড়ে দেওয়া গ্রেফতারি পরোয়ানার (ওয়ারেন্টভুক্ত) আসামি এমডি আসলাম হোসেনকে পুনরায় গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে নগরীর কেসিসি মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আসলাম হোসেন খুলনা জেলা পরিষদের নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর। তিনি খুলনা সদর থানার নন-এফআইআর প্রসিকিউশন মামলা নং ৩৫৬/২৫ (তারিখ ৮/১২/২৫), দণ্ডবিধির ৫০৬ ধারায় জারি হওয়া ওয়ারেন্টভুক্ত আসামি।
এর আগে বুধবার বিকালে পুলিশ ওয়ারেন্টভুক্ত আসামি আসলাম হোসেনকে কেসিসি মার্কেট এলাকা থেকে গ্রেফতার করে। কিন্তু একটি পক্ষ তাকে থানা থেকে ছাড়িয়ে নিতে দেন দরবার শুরু করে। রাত দশটার দিকে পুলিশ তাকে শারীরিক অসুস্থতার কথা বলে থানা থেকে ছেড়ে দেয়। বিষয়টি জানাজানি হলে তীব্র সমালোচনার মুখে পড়ে খুলনা থানা পুলিশ। পরে চাপের মুখে প্রায় ১৭ ঘণ্টা পর পুনরায় তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়।
খুলনা সদর থানার ওসি কবির হোসেন জানান, গ্রেফতারের পর তিনি অসুস্থতার কথা জানান। পরে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার অনুরোধে তাকে ওই অফিসের এক কর্মচারীর জিম্মায় ছেড়ে দেওয়া হয়। কিন্তু বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা তৈরি হলে পুনরায় তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।