কারাবন্দী বুশরা বিবিকে নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ জাতিসংঘের

কারাবন্দী বুশরা বিবিকে নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ জাতিসংঘের

সংগ্রহীত ছবি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে যেভাবে কারাগারে রাখা হয়েছে, তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার এলিস জিল এডওয়ার্ডস। তিনি সতর্ক করে বলেন, বর্তমান আটক পরিবেশ বুশরা বিবির শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ভয়াবহ ঝুঁকি তৈরি করতে পারে। পরিস্থিতি দ্রুত সমাধানে পাকিস্তান সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

গত জানুয়ারিতে দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবিকে দোষী সাব্যস্ত করা হয়। ওই মামলায় ইমরান খানকে ১৪ বছর এবং বুশরা বিবিকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এরপর গত শনিবার তোশাখানা মামলায় তাঁদের দুজনকে আরও ১৭ বছরের কারাদণ্ড দেন পাকিস্তানের একটি আদালত।

এক বিবৃতিতে এলিস জিল এডওয়ার্ডস বলেন, রাষ্ট্রের দায়িত্ব মিসেস খানের স্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করা এবং এমন আটক পরিবেশ প্রদান করা, যা মানবিক মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তাঁর ভাষ্য অনুযায়ী, বুশরা বিবিকে একটি ছোট ও অপরিচ্ছন্ন সেলে রাখা হয়েছে। বিদ্যুৎ বিভ্রাটের কারণে সেলটি প্রায়ই অন্ধকারাচ্ছন্ন থাকে। এ ধরনের পরিবেশ আন্তর্জাতিক ন্যূনতম মানদণ্ডের অনেক নিচে পড়ে।

তিনি আরও বলেন, কোনো আটক ব্যক্তিকে তীব্র গরম, দূষিত খাদ্য বা পানি কিংবা এমন পরিবেশে রাখা উচিত নয়, যা বিদ্যমান স্বাস্থ্যগত সমস্যাকে আরও বাড়িয়ে দিতে পারে।

এডওয়ার্ডস আনুষ্ঠানিকভাবে পাকিস্তান সরকারকে বুশরা বিবির বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন। চলতি মাসের শুরুতে তিনি ইমরান খানের আটক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছিলেন। তাঁর মতে, ৭৩ বছর বয়সী ইমরান খান এমন পরিবেশে আটক আছেন, যা অত্যাচার কিংবা অন্যান্য অমানবিক ও লজ্জাজনক আচরণের সমতুল্য হতে পারে।

জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইমরান খান ও বুশরা বিবির আটক পরিস্থিতি অবশ্যই আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ হতে হবে।

সোর্স এএফপি