বগুড়ায় মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

বগুড়ায় মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিকি ছবি

বগুড়ার সোনাতলায় মা চায়না বেগম (৩৬) ও মেয়ে খাদিজা খাতুনের (১৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার জোড়গাছা ইউনিয়নের শিচারপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত চায়না ও খাদিজা শিচারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী কামরুজ্জামানের স্ত্রী ও মেয়ে। এই ঘটনার পর কামরুজ্জামান আত্মগোপন করেন। 

পুলিশ কর্মকর্তারা বলছেন, সাংসারিক অভাব অনটন ও ঋণগ্রস্থের কারণে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এর জের ধরে স্বামী কামরুজ্জামানের উপর অভিমান করে মা-মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। অন্যদিকে চায়না বেগমের বাবা তারাজুল ইসলামের দাবী তার মেয়ে ও নাতনীকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে পালিয়ে গেছেন জামাই। 
জানা যায়, শুক্রবার জুমার নামাজের পর পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে ঘরের ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পান। দীর্ঘ সময় ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তারা দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করেন। এ সময় মা ও মেয়েকে ঘরের তীরের সাথে একই দড়িতে ঝুলে থাকতে দেখেন। পরে স্থানীয়দের কাছে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মা-মেয়ের লাশ উদ্ধার করে। 
স্থানীয় ইউপি সদস্য মো. সদরুল আমীন লিমন জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। চায়না ও তার মেয়ে খাদিজা স্বাভাবিক জীবনযাপন করতেন। ছোট মেয়েটি এ বছর সপ্তম শ্রেণিতে পড়াশোনা করছিল। আমরা চাই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য ঘটনা উদঘাটন হোক। 

সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ) মো. কবির হোসেন জানান, মা-মেয়ের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।