খুলনায় মাইক্রোবাসের চাপায় অজ্ঞাত নারী নিহত

খুলনায় মাইক্রোবাসের চাপায় অজ্ঞাত নারী নিহত

ফাইল ছবি

খুলনা নগরীতে মাইক্রোবাসচাপায় অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন। নিহত নারীর বয়স আনুমানিক ৪৫ বছর বলে ধারণা করছে পুলিশ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর শেরেবাংলা রোডের এসওএস শিশুপল্লী স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।  নিহত নারীর পরনে কালো রঙের সোয়েটার ও কালো বোরকা ছিল।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, একটি হায়েস মাইক্রোবাস ওই নারীকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত নারীর কোনো স্বজন এখনো শনাক্ত করা যায়নি। ফলে তাকে অজ্ঞাতপরিচয় হিসেবেই মর্গে রাখা হয়েছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, দুর্ঘটনার পর মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে এবং গাড়ির ড্রাইভার শাকিলকে খুলনা সদর থানায় হেফাজতে নেওয়া হয়েছে।