স্পেনে হচ্ছে নতুন ইসলামিক কবরস্থান
সংগৃহীত
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে স্পেনের রাজধানী মাদ্রিদের দক্ষিণ-পশ্চিম উপকণ্ঠের ক্যারাবানচেল জেলায় একটি ইসলামিক কবরস্থান প্রতিষ্ঠার জন্য বাজেট বরাদ্দের অনুমোদন দিয়েছে মাদ্রিদ সিটি কাউন্সিল। এই সিদ্ধান্তকে ঐতিহাসিক অর্জন হিসেবে দেখছে শহরের মুসলিম সম্প্রদায়, যারা বহু বছর ধরে ইসলামী রীতিনীতি অনুযায়ী দাফনের জন্য একটি স্থায়ী ও সম্মানজনক কবরস্থানের দাবি জানিয়ে আসছিল।
মাদ্রিদ সিটি কাউন্সিলের ২০২৬ সালের বাজেটে ক্যারাবানচেল ইসলামিক কবরস্থান প্রকল্প অন্তর্ভুক্ত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে স্পেনের ‘মর্যাদাপূর্ণ সমাধি’ (Dignified Burial) সমিতি। সংগঠনটি জানিয়েছে, এটি কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়; বরং মুসলিম নাগরিকদের ধর্মীয় অধিকার ও মর্যাদার স্বীকৃতিতে এক গুরুত্বপূর্ণ মাইলফলক।
প্রকল্পের প্রথম ধাপে ১৫০টি কবর নির্মাণের পরিকল্পনা রয়েছে। পরবর্তী ধাপগুলোতে প্রতিবার ৫০টি করে কবর যুক্ত করে ধীরে ধীরে কবরস্থানটির পরিসর বাড়ানো হবে। সব ধাপ সম্পন্ন হলে কবরস্থানের মোট ধারণক্ষমতা দাঁড়াবে প্রায় ২,৫০০ কবর। সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক ১৫০টি কবর নির্মাণের মাধ্যমে কাজ শুরু হবে এবং মাদ্রিদে বসবাসকারী মুসলিম জনগোষ্ঠীর ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় রেখে পর্যায়ক্রমে সম্প্রসারণ কার্যক্রম চালানো হবে। ইতোমধ্যে কবরস্থানের উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে এবং আশা করা হচ্ছে ২০২৭ সালের মধ্যেই প্রকল্পটি পুরোপুরি সম্পন্ন হবে।
এছাড়া মাদ্রিদ সিটি কাউন্সিল কবরস্থানের ভেতরে সমন্বিত সুযোগ-সুবিধা গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে। এর মধ্যে থাকবে ইসলামী শরিয়ত অনুযায়ী, মৃত ব্যক্তির গোসল সম্পন্ন করার জন্য একটি নির্দিষ্ট ও সুরক্ষিত স্থান, যাতে মুসলিমদের ধর্মীয় বিধান ও সাংস্কৃতিক গোপনীয়তা যথাযথভাবে রক্ষা পায়। মাদ্রিদের মুসলিম সম্প্রদায় মনে করছে, এই সিদ্ধান্ত তাদের দীর্ঘদিনের বৈধ দাবি ও শান্তিপূর্ণ আন্দোলনের ফল। একই সঙ্গে এটি বহুধর্মীয় সহাবস্থান ও ধর্মীয় স্বাধীনতার প্রতি স্পেনের অঙ্গীকারের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবেও বিবেচিত হচ্ছে। (সূত্র : আলুকা নেটওয়ার্ক)