স্ত্রীকে হত্যা করে শ্বশুরকে ফোন দেওয়া যুবক কুড়িগ্রাম থেকে গ্রেপ্তার
প্রতিকি ছবি
গাজীপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় নিহতের স্বামী মো. জালাল হোসেন ওরফে দুলুকে (৩০) কুড়িগ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাব। হত্যার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই র্যাবের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
জালাল কুড়িগ্রাম জেলার উলিপুর থানার বসুনিয়া পাড়া গ্রামের বাসিন্দা। গাজীপুরের পোড়াবাড়ী র্যাব-১’র স্পেশালাইজড কোম্পানির লেফটেন্যান্ট কমান্ডার মো. নাফিজ বিন জামাল এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত মাস্তুরা আক্তার সুমা (২৮) ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার পূর্ব নড়াইল খালপাড়া গ্রামের মো. মিরাজুল ইসলামের মেয়ে। তিনি গাজীপুরের একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।
র্যাব সূত্র জানায়, গত ২৬ ডিসেম্বর সকালে গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন চান্দনা এলাকায় স্থানীয় রমিজ উদ্দিন দেওয়ানের মালিকানাধীন পাঁচতলা ভবনের ভাড়া করা তৃতীয় তলার একটি কক্ষ থেকে সুমার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, যৌতুক দাবি ও পারিবারিক কলহের জেরে বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে জালাল তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেন। পরে মরদেহ কক্ষে তালাবদ্ধ রেখে পালিয়ে যান তিনি এবং শ্বশুরকে ফোন করে হত্যার কথা জানান।
খবর পেয়ে বাসন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের বাবা মো. মিরাজুল ইসলাম বাদী হয়ে বাসন থানায় যৌতুকের জন্য হত্যা মামলা দায়ের করেন।
এরপর আসামিকে গ্রেপ্তারে র্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্প ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি জোরদার করে। একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় জানা যায়, জালাল কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার ৭ নম্বর নাজিম খান ইউনিয়নের রামকৃষ্ণ মণ্ডলপাড়া এলাকায় আত্মগোপনে রয়েছে। পরে শুক্রবার দিবাগত রাত ১টা ১০ মিনিটে র্যাব-১ (গাজীপুর) ও র্যাব-১৩ (রংপুর)–এর যৌথ অভিযানে তাকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জালাল স্ত্রী হত্যার কথা স্বীকার করেছেন। তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাসন থানায় হস্তান্তর করা হয়েছে।