সরাইলে তিতাস নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

সরাইলে তিতাস নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

প্রতিকি ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের একদিন পর তিতাস নদী থেকে শিশু জিহাদের (৬) মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার অরুয়াইল ইউনিয়নের তিতাস নদীর তেলিয়াকান্দি নৌকা ঘাট থেকে ফায়ার সার্ভিস ও পুলিশ মরদেহটি উদ্ধার করে। মৃত জিহাদ সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার খাসতাল গ্রামের আকতার হোসেনের ছেলে। আকতার হোসেন অরুয়াইল বাজারে দিন-মজুরের কাজ করেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে শিশু জিহাদ নিখোঁজ হয়। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও পরিবারের সদস্যরা তাকে পায়নি। পরে স্থানীয় একটি দোকানের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, সকালে খেলাধুলার একপর্যায়ে জিহাদ তিতাস নদীতে পড়ে ডুবে যায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে বিষয়টি অরুয়াইল পুলিশ ফাঁড়িকে জানায়। খবর পেয়ে পুলিশ বিষয়টি সরাইল ফায়ার সার্ভিসকে জানায়।

সন্ধ্যায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। রাতের অন্ধকারে উদ্ধার অভিযান পরিচালনা ঝুঁকিপূর্ণ হওয়ায় পরে অভিযান স্থগিত করা হয়। মঙ্গলবার সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা পুনরায় উদ্ধার অভিযান শুরু করে। একপর্যায়ে তেলিয়াকান্দি নৌকা ঘাট এলাকায় পানিতে জিহাদের মরদেহ ভেসে ওঠে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভুঁইয়া বলেন, তিতাস নদীতে ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ সদস্যরা শিশু জিহাদের মরদেহ উদ্ধারের অভিযান করার সময় তার লাশ ভেসে ওঠে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।