নারায়ণগঞ্জে জমিয়ত নেতার বিপরীতে বিএনপির ৫ প্রার্থী

নারায়ণগঞ্জে জমিয়ত নেতার বিপরীতে বিএনপির ৫ প্রার্থী

ফাইল ছবি

নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনয়ন পাওয়া বাংলাদেশ জমিয়তে উলামা ইসলামের জেলা কমিটির সভাপতি মুফতি মনির হোসাইন কাসেমীর বিপরীতে বিএনপির ৫ নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন। 

এই পাঁচ নেতা হলেন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা কমান্ডের আহ্বায়ক ও বিএনপির সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শাহ আলম, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি ও ফতুল্লা থানা বিএনপির সভাপতি মো. শহীদুল ইসলাম টিটু। 

এর আগে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চারটি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। গত ২৬ ডিসেম্বর বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তার মধ্যে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সদর) আসনে মুফতি মনির হোসাইন কাসেমীর নাম ঘোষণা করা হয়েছে। সেই সাথে তার নাম ঘোষণার পর থেকেই মনির হোসাইন কাসেমীর অনুসারীদের মধ্যে বইছে উল্লাস। বিপরীতে বিএনপির নেতাকর্মীদের মধ্যে কিছুটা হতাশা দেখা দিয়েছে। 

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, 'আমি দলের মনোনয়নপ্রত্যাশী ছিলাম। ফতুল্লা জনসাধারণ আমাকে চাচ্ছেন। কিন্তু দলের বাইরে গিয়ে কোনো কাজ করতে পারবো না। তারপরও জনগণ যেহেতু চাচ্ছেন, তাদের বিষয়টিও বিবেচনা করতে হবে।' 

জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি শাহ আলম বলেন, 'দল যেটা ভালো মনে করেছে সেই সিদ্ধান্ত নিয়েছে। এটা দলের বিষয়।  আমি নেতাকর্মীদের সিদ্ধান্ত অনুযায়ী সিদ্ধান্ত নেবো।'

তবে এ বিষয়ে মনির হোসাইন কাসেমী বলেন, 'সবাইকে সঙ্গে নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি যাবো এবং নির্বাচনি প্রচারণা চালাবো। বিএনপির কোনো নেতা স্বতন্ত্র প্রার্থী হলেও আমি বিচলিত হবো না। তাকে স্বাগত জানিয়ে আমার প্রচারণা চালিয়ে যাবো।'