নাটোরে মনোনয়নপত্র জমা দিলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু
সংগৃহীত ছবি
নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রবিবার দুপুরে নাটোর জেলা রির্টানিং কর্মকর্তা জেলা প্রশাসক আসমা শাহীনের হাতে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এ সময় দুলু বলেন, ‘নাটোরের মানুষ অতীতে ঐক্যবদ্ধ ভাবে আমাকে তিনবার নির্বাচিত করেছিলেন। আমি মানুষের প্রত্যাশা পূরণ করার চেষ্টা করেছি। আমাকে নিয়ে নাটোরের মানুষ স্বপ্ন দেখে, আমি অঙ্গীকার করছি আমি তাদের সেই স্বপ্ন পূরণ করবো ইনশাআল্লাহ।
দুলু আরো বলেন, দীর্ঘ ২৪ বছর পর আমি সংসদ সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করলাম। ২০০১ সালের নির্বাচনের পর আর নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ হয়নি। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে যাদের রক্তের বিনিময়ে আজ আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনে অংশগ্রহণ করতে পারছি, তাদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি বলেন, দীর্ঘ ২৪ বছর নাটোরের জনগণ আমাকে ভোট দেওয়ার সুযোগ পায়নি। এবার সেই সুযোগ এসেছে। আমার দলের প্রতি আমি চিরকৃতজ্ঞ আমাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়ার জন্য। এ জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।
এসময় দুলুর সাথে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহব্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপি নেতা শহিদুল ইসলাম বাচ্চু, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন ও মিডিয়া সেলের প্রধান নাসিম উদ্দিন নাসিম প্রমুখ।