গাইবান্ধায় ৪৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, স্বতন্ত্র ১০

গাইবান্ধায় ৪৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, স্বতন্ত্র ১০

প্রতিকি ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা জেলার পাঁচটি সংসদীয় আসনে ৪৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে স্বতন্ত্র রয়েছেন ১০ জন।

সোমবার রাতে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন। 

গত ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার পর থেকে জেলার পাঁটি আসন থেকে বিভিন্ন দলের ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোট ৬০ প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেছিলেন।

এর মধ্যে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসন থেকে ১৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন, তাদের মধ্যে ১০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

গাইবান্ধা-২ (সদর) আসনে ৯ জনের মধ্যে ৮ জন, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে ১০ জনের সবাই, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে ১০ জনের মধ্যে ৬ জন এবং গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসন থেকে ১৮ জনের মধ্যে ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ৫ থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। 

রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি।