খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত
খালেদা জিয়ার
চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি নেই। তিনি আগের মতো সংকটময় পরিস্থিতিতে রয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় কালের কণ্ঠকে এ তথ্য জানিয়েছেন তাঁর মেডিক্যাল বোর্ডের সদস্য ও বিএনপি নেতা এ জেড এম জাহিদ হোসেন।
এদিকে শাশুড়ির খোঁজ নিতে গতকাল সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
হাসপাতাল সূত্র জানায়, সকাল ১০টার দিকে ডা. জুবাইদা রহমান এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করে প্রায় এক ঘণ্টা সেখানে অবস্থান করার পর ১১টার কিছু পরে তিনি হাসপাতাল ত্যাগ করেন। সন্ধ্যায় এ জেড এম জাহিদ হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘ম্যাডামের শারীরিক অবস্থা সম্পর্কে গত শনিবার আমরা সাংবাদিকদের জানিয়েছি। এরপর কোনো পরিবর্তন হয়নি।’ খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।
অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিক্যাল বোর্ড বর্তমানে তাঁর চিকিৎসার দায়িত্বে রয়েছে। ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন।
মাকে দেখতে হাসপাতালে তারেক রহমান : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার রাত সোয়া ১০টার দিকে তিনি হাসপাতালে পৌঁছান।
এই প্রতিবেদন লেখা অবস্থায় রাত ১১টা ৪০ মিনিটেও তারেক রহমান হাসপাতালেই অবস্থান করছিলেন। এদিন খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও হাসপাতালে এসেছিলেন।