দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হলেন ব্যারিস্টার মওদুদ আহমদের স্ত্রী হাসনা

দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হলেন ব্যারিস্টার মওদুদ আহমদের স্ত্রী হাসনা

সংগ্রহীত ছবি

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট ও সদরের আংশিক) আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত হয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন সাবেক সংসদ সদস্য হাসনা জসীম উদ্দীন মওদুদ। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদের স্ত্রী। 

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে নোয়াখালীর কোম্পানীগঞ্জের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমানের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন তার ব্যক্তিগত সহকারী মাহবুবুর রহমান নাহিদ।

হাসনা মওদুদ ১৯৮৬ ও ১৯৮৮ সালে নোয়াখালী-৫ আসন থেকে দুই বার সংসদ সদস্য নির্বাচিত হন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে তিনি বিএনপির দলীয় মনোনয়ন চেয়ে পাননি। এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কম্পানির চেয়ারম্যান ব্যবসায়ী মো. ফখরুল ইসলাম।

মনোনয়ন দাখিলের শেষ দিন সোমবার সন্ধ্যায় হাসনা জসীম উদ্দীন মওদুদ নিজের ফেসবুক আইডিতে লেখেন, আমি নোয়াখালী-৫ আসনে থেকে দলীয়ভাবে বিএনপির একজন প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার চেষ্টা করেছি। যেখানে আমার স্বামী ব্যারিস্টার মওদুদ আহমেদ এবং আমি ৫০ বছরেরও বেশি সময় ধরে এই এলাকার সেবা করেছি।

আওয়ামী লীগের ব্যক্তিগত প্রতিহিংসার কারণে ২০১৭ সাল থেকে আমি আমার বাড়ি হারিয়েছি।

তিনি আরো লিখেন, কিন্তু নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে যে, দলীয় মনোনয়নপত্র ছাড়া দলীয়ভাবে কারো মনোনয়ন জমা নেওয়া হবে না। এটা শুনে আমি অনেক আশাহত হয়েছি। তাই বাধ্য হয়ে আমি স্বতন্ত্র হিসেবে আজ মনোনয়ন দাখিল সম্পন্ন করলাম।

আমি আপনাদের সমর্থন ও সহযোগিতা কামনা করছি।

নোয়াখালী জেলা নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে জানা যায়, নোয়াখালী-৫ আসনে মোট ১৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।