বাঞ্ছারামপুরে চার কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

বাঞ্ছারামপুরে চার কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

প্রতিকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৯ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে বাঞ্ছারামপুর থানার এসআই (নিরস্ত্র) মো. মমিন হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলার ৬ নম্বর ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি গ্রামে শাহ রাহাত আলী মাজারের উত্তর পাশে পারভেজ মিয়ার বিল্ডিংয়ের সামনের গলি রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি তোতা মিয়া (৬৫)। তিনি মৃত হুরন আলী (ফুরন আলী)-এর ছেলে। তার বাড়ি দড়িভেলানগর গ্রামে।

পুলিশ জানায়, গ্রেফতারের সময় তোতা মিয়ার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

পুলিশ আরও জানায়, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।