চট্টগ্রামের হাটহাজারীতে নকল আকিজ বিড়ি জব্দ
ছবি: প্রতিনিধি
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাজিরহাট এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা ২ টার দিকে এ অভিযান পরিচালনা করেন স্থানীয় ছাত্র-জনতা ও আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেডের কর্মকর্তারা।
স্থানীয়রা জানায়, সরকারের মোটা অংকের টাকা রাজস্ব ফাঁকি দিয়ে কিছু অসাধু চক্র দীর্ঘদিন ধরে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে নকল বিড়ি বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার হাটহাজারী উপজেলার নাজিরহাট এলাকার কয়েকটি হোলসেলস দোকানে অভিযান চালায় স্থানীয় ছাত্র-জনতা ও আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেডের কর্মকর্তারা।
এসময় ব্যবসায়ী খোরশেদ এর দোকান থেকে চার হাজার (৪,০০০) শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি উদ্ধার করা হয়। অভিযান শেষে জব্দকৃত নকল বিড়ি জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেডের চট্টগ্রাম অঞ্চলের ব্যবস্থাপক (ইনচার্জ) মো. জসিম উদ্দিন জানান, কিছু অসাধু চক্র সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে বিড়ি ও সিগারেটে নকল ব্যান্ডরোল ব্যবহার করে কম দামে বিড়ি বিক্রি করছে। এতে সরকার বিপুল পরিমানে রাজস্ব হারাচ্ছে। নকল বিড়ি বন্ধে পুলিশ, র্যাব, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহযোগীতা কামনা করছি।