বিগ ব্যাশ ছেড়ে দেশে ফিরছেন আফ্রিদি

বিগ ব্যাশ ছেড়ে দেশে ফিরছেন আফ্রিদি

শাহিন শাহ আফ্রিদি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে চোটে পড়েছেন পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। হাঁটুর চোটের কারণে অস্ট্রেলিয়ায় চলমান বিগ ব্যাশ লিগ (বিবিএল) ছেড়ে দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ব্রিজবেন হিটের হয়ে বিগ ব্যাশ খেলতে গিয়ে গত শনিবার অ্যাডিলেইড স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচে চোট পান আফ্রিদি। দ্বিতীয় ইনিংসে নিজের চতুর্দশ ওভার করার সময় তাকে খোঁড়াতে দেখা যায় এবং ডান হাঁটুর দিকে ইঙ্গিত করেন তিনি। ওই চোটের কারণেই টুর্নামেন্টের বাকি অংশে তার খেলা অনিশ্চিত হয়ে পড়ে।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে আফ্রিদি নিজেই চোটের বিষয়টি নিশ্চিত করেন। তিনি লেখেন, 'আমাকে অগাধ ভালোবাসা ও সমর্থন দেওয়ার জন্য ব্রিজবেন হিট দল এবং সমর্থকদের প্রতি কৃতজ্ঞ। দুর্ভাগ্যজনকভাবে চোটের কারণে পিসিবি আমাকে দেশে ফিরে পুনর্বাসনের মধ্য দিয়ে যেতে বলেছে। আশা করি খুব দ্রুত মাঠে ফিরতে পারব। এর মাঝে দলকে সমর্থন করে যাব।'

ব্রিজবেন হিট এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার অ্যাডিলেইড স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচ শেষে দলের সঙ্গে অ্যাডিলেইড থেকে ফেরার পর আফ্রিদির শারীরিক অবস্থার আরও মূল্যায়ন করা হবে। এরপরই তিনি পাকিস্তানের উদ্দেশে অস্ট্রেলিয়া ছাড়তে পারেন।

আগামী ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে পাকিস্তান তাদের অভিযান শুরু করবে। বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান, যেখানে দলে রাখা হয়নি আফ্রিদিকে।

প্রথমবারের মতো বিগ ব্যাশ খেলতে নেমে খুব একটা সফল হতে পারেননি আফ্রিদি। চার ম্যাচে মাত্র দুটি উইকেট নিয়েছেন তিনি, ওভারপ্রতি রান দিয়েছেন ১১.১৯।