মারা গেলেন প্রখ্যাত গিটারিস্ট ও গীতিকার ডেভ মেসন

মারা গেলেন প্রখ্যাত গিটারিস্ট ও গীতিকার ডেভ মেসন

ছবিঃ সংগৃহীত।

রক ব্যান্ড ‘ট্র্যাফিক’র সহ-প্রতিষ্ঠাতা, প্রখ্যাত গিটারিস্ট ও গীতিকার ডেভ মেসন ৭৯ বছর বয়সে মারা গেছেন।পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গত ১৯ এপ্রিল নেভাদার গার্ডনারভিলের নিজ বাসভবনে শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

১৯৪৬ সালের ১০ মে ইংল্যান্ডের ওরচেস্টারে জন্ম নেওয়া ডেভ মেসন ষাটের দশকের রক সংগীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৬৭ সালে গঠিত ট্র্যাফিক ব্যান্ডের অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে তিনি সংগীত জগতে পরিচিতি পান। এই ব্যান্ডের মাধ্যমেই ২০০৪ সালে রক অ্যান্ড রোল হল অব ফেমে অন্তর্ভুক্ত হন তিনি।

মেসনের লেখা ‘ফিলিন অলরাইট?’ গানটি পরবর্তীতে জো ককারের কণ্ঠে বিশ্বজুড়ে জনপ্রিয়তা পায়। এছাড়া ‘হোল ইন মাই শু’ গানটিও যুক্তরাজ্যে ব্যাপক সাফল্য অর্জন করে। 

তার সংগীতজীবনে তিনি কাজ করেছেন কিংবদন্তি শিল্পীদের সঙ্গে। যেমন পল ম্যাককার্টনি, দ্য রোলিং স্টোনস, জিমি হেনড্রিক্স, এরিক ক্ল্যাপটন, মাইকেল জ্যাকসন এবং ফ্লিটউড ম্যাকসহ আরও অনেকে।

১৯৭৭ সালে তার একক গান ‘উই জাস্ট ডিসএগ্রি’ তাকে নতুন উচ্চতায় পৌঁছে দেয়। সর্বশেষ ২০২৩ সালে প্রকাশিত হয় তার একক অ্যালবাম ‘আ শেড অব ব্লুজ’।

অসুস্থতার কারণে ২০২৪ ও ২০২৫ সালের ওয়ার্ল্ড ট্যুর স্থগিত করেছিলেন তিনি। জীবনের শেষ সময় পর্যন্ত সংগীতের সঙ্গে যুক্ত থাকলেও নিজেকে কখনো ‘রকস্টার’ হিসেবে দেখতেন না ডেভ মেসন।