মধ্যরাতে শীতার্তদের পাশে জেলা প্রশাসক

মধ্যরাতে শীতার্তদের পাশে জেলা প্রশাসক

সংগ্রহীত ছবি

কয়েক দিন ধরে সূর্যের দেখা নেই ঠাকুরগাঁওয়ে। সারাদিন হিমেল বাতাস আর কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষরা। এমন পরিস্থিতিতে রাতের আঁধারে নিজ হাতে কম্বল ও খাদ্যসামগ্রী নিয়ে শীতার্তদের পাশে দাঁড়ালেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানা।

মঙ্গলবার রাতে তিনি সদর উপজেলার আউলিয়াপুর ও বালিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের বাড়ি ও সড়কের পাশে অবস্থানরতদের মধ্যে শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জিয়াউর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈম আশরাফসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

হঠাৎ রাতে জেলা প্রশাসককে সামনে পেয়ে শীতবস্ত্র ও খাবার পেয়ে খুশিতে আবেগাপ্লুত হয়ে পড়েন শীতার্তরা। আউলিয়াপুর ইউনিয়নের বাসিন্দা ওলিমা বেওয়া বলেন, ‘অনেকের কাছে গিয়েছি, কেউ শীতবস্ত্র দেয়নি। কিন্তু রাতে ডিসি স্যার নিজেই আমার ঘরে এসে কম্বল আর খাবার দিয়েছেন, এটা সত্যিই অকল্পনীয়।’

বালিয়া ইউনিয়নের বাসিন্দা জয়নাল, খালেক ও রহিমাসহ আরও কয়েকজন জানান, তীব্র শীতে তারা অসহায় হয়ে পড়েছিলেন। হঠাৎ ডিসি এসে মোটা কম্বল ও খাবার দেওয়ায় রাতে শান্তিতে ঘুমাতে পারবেন বলে আশা করছেন তারা।

জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, ‘গত কয়েক দিন ধরে ঠাকুরগাঁওয়ে প্রচণ্ড শীত পড়েছে। ত্রাণ মন্ত্রণালয় ও মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে পাওয়া শীতবস্ত্রগুলো আমরা প্রকৃতভাবে যাদের প্রয়োজন, তাদের খুঁজে বের করে দিচ্ছি। এই কার্যক্রম চলমান থাকবে।’