এভারকেয়ার থেকে বের করা হয়েছে খালেদা জিয়ার মরদেহ
ছবি ভিডিও থেকে সংগ্রহীত
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজ বুধবার দুপুর ২টায় অনুষ্ঠিত হবে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা। সকাল ৯টার কিছুক্ষণ আগে এভারকেয়ার হাসপাতাল থেকে তার মরদেহ বের করে গুলশান–২ এলাকার বাসভবন ফিরোজায় নেওয়া হচ্ছে।
এদিকে খালেদা জিয়ার মরদেহ নেওয়ার জন্য একটি নির্ধারিত রুট ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ঘোষিত রুট অনুযায়ী, খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে হয়ে কুড়িল ফ্লাইওভার অতিক্রম করে নৌ সদর দপ্তরের পাশ দিয়ে গুলশান–২ এলাকার বাসভবন ফিরোজায় নেওয়া হবে।
সেখান থেকে কামাল আতাতুর্ক অ্যাভিনিউ ধরে এয়ারপোর্ট রোডে উঠে মহাখালী ফ্লাইওভার পার হয়ে জাহাঙ্গীরগেট ও বিজয় সরণি দিয়ে অগ্রসর হওয়ার কথা রয়েছে। পরে উড়োজাহাজ ক্রসিংয়ে বামে মোড় নিয়ে জাতীয় সংসদ ভবনের ৬ নম্বর গেট দিয়ে প্রবেশ করে দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার মরদেহ পৌঁছানো হবে।
গতকাল মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া। তাকে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে।